মোদী ফেরার পরই উত্তরবঙ্গে ঝড় তুলবেন মমতা, অভিষেকের সঙ্গে মিমিও এবার প্রচারে
আগামীকাল দিনহাটায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তিনি।
আগামীকাল দিনহাটায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভার প্রাঙ্গণে আজ দিনহাটার সংহতি ময়দানে সভাস্থল ঘুরে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, তৃণমূল নেতা বিশু ধর, মোশারফ হোসেন। সংহতি ময়দানের সভাস্থল ঘুরে দেখার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মাথাভাঙ্গার শীতল খুচিতে যান।
সেখানেও বুধবার সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা রয়েছে। সেই সভাস্থলও পরিদর্শন করেন রবীন্দ্রনাথবাবু। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেখানে বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় রেকর্ড সংখ্যক ভিড় হবে। আমাদের প্রার্থী কয়েক লক্ষ ভোটে জয়ী হবেন।'

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দুপুর ১২টায় টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মাথাভাঙ্গার শীতলখুচিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে হেলিকপ্টারে করে তুফানগঞ্জের মহকুমা ক্রীড়া ময়দানে আরও একটি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাতে কোচবিহারে থাকবেন অভিষেক। ৪ এপ্রিল বৃহস্পতিবার মাথাভাঙ্গায় একটি নির্বাচনী সভা করবেন। এদিকে ৫ এপ্রিল অসমের ধুবরিতে একটি সভা ও নাগরাকাটাতে আরও একটি সভা করার কথা রয়েছে মমতার। ওই দিনেই তৃণমূল সুপ্রিমোর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। এরপর ৮ এপ্রিল কোচবিহার রাসমেলা মাঠে সভা করতে কোচবিহারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications