নিজেকে খড়গপুরের ছেলে হিসাবে প্রমাণ করতে মরিয়া প্রচেষ্টা বিজেপি প্রার্থী হিরণের
বিজেপি প্রার্থী হিরণ
২০২১ সালের বাংলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকগত বহু পরিবর্তনই চোখে পড়েছে রাজ্যবাসীর। যার মধ্যে বিশেষভাবে লক্ষ্যণীয় টলিউড অভিনেতা–অভিনেত্রীদের বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া অথবা এক দল ছেড়ে অন্য দলে ঝাঁপানো। আর এই দ্বিতীয় নম্বরের তালিকায় বহু পাল্টিবাজ টলিউড অভিনেতাদের নামই রয়েছে। যার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের নামও যোগ হয়েছে সদ্য। দীর্ঘদিন তৃণমূলের ছত্রছায়ায় থাকার পর হঠাৎই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। খড়গপুরে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে এখন তিনি নিজেকে এই কেন্দ্রের ছেলে বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন। জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রচার।

হাওড়ার উলুবেড়িয়ার ছেলে হিরণ চট্টোপাধ্যায় ২০০৭ সালে প্রথম টলিউডে পা রাখেন। তাঁর প্রথম ছবি 'নবাব নন্দিনী’, হিরণের বিপরীতে এই ছবিতে ছিলেন কোয়েল মল্লিক। এরপর তিনি বেশ কয়েকটি বাংলা ছবিতে কাজ করেন বটে, তবে অভিনেতা হিসাবে সেভাবে খ্যাতি অর্জন করতে পারেননি। এরপর আবার কোয়েল মল্লিকের বিপরীতে 'জ্যাকপট’ ও 'রিস্ক’ ছবিতে কাজ করে হিরণ অভিনেতা হিসাবে তাঁর দক্ষতাকে তুলে ধরেন। এরপর হিরণ লে হালুয়া, মাচো মুস্তানা, লে হালুয়া লে সহ বেশ কিছু ছবি টলিউডের বক্স অফিসে হিট হয়। হিরণের এখনও পর্যন্ত ছবির সংখ্যা মাত্র ১৬টি।
অভিনয় করতে করতেই হিরণ যোগ দেন তৃণমূল শিবিরে এবং যুব তৃণমূলের সহ–সভাপতি পদে তাঁকে বসানো হয়। তৃণমূলের বড় বড় জনসভা, মিছিলে প্রথম সারির নেতা–নেত্রীদের সঙ্গেই দেখা যেত হিরণকে। তবে ধীরে ধীরে তিনি টলিউডে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। হাতে সেভাবে কোনও ছবি ছিল না হিরণের। রাজনৈতিক মহলের দাবি, টলিউডের পাশাপাশি তৃণমূল দলের কোনও বড় পদ না পাওয়ায় এবং তাঁকে সেভাবে গুরুত্ব না দেওয়ায় ক্রমেই ক্ষোভ জন্মাচ্ছিল হিরণের মধ্যে আর তাই সুযোগ আসতেই তিনিও বিজেপিতে যোগ দিলেন। গত মাসেই তৃণমূল ছেড়ে গেরুয়া বাহিনীতে যোগ দেন অভিনেতা হিরণ। অমিত শাহের হাত থেকে তুলে নেন দলীয় পতাকা। তিনি জানিয়েছেন অলক্ষ্মী দূর না করলে এই পশ্চিমবাংলায় লক্ষ্মী কখনও আসবে না।
তবে হিরণের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই। যদিও এর আগে যখন এ বিষয়ে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি কোনও মন্তব্য করেননি। কিন্তু আচমকা তাঁর দল বদল করায় তৃণমূলকে বেশ বড়সড় ধাক্কা দিয়েছে হিরণ। এখন বিজেপির প্রার্থী হয়ে খড়গপুর থেকে জেতার জন্য মরিয়া প্রচেষ্টা চালিয়ে চলেছেন টলিউড এই অভিনেতা। তারকা সুলভ আচরণ ছেড়ে একেবারে সাদামাটা ভাবে প্রচার চালাচ্ছেন তিনি। হাওড়া নয়, তিনি আসলে খড়গপুরের ছেলে, প্রমাণ করতে চান হিরণ












Click it and Unblock the Notifications