বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর ঘিরে কাজের গতির ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৩৬ লক্ষের তথ্য যাচাই ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যেই শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা, যা নিয়ে প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত বিচারকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সংকলিত করে তালিকা প্রকাশ করা হবে। এরপর সেই তথ্য প্রক্রিয়াকরণে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। পরিস্থিতি অনুযায়ী, আগামী দিনে প্রায় প্রতিদিনই নতুন তালিকা প্রকাশের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

এদিকে, বিবেচনাধীন ভোটারদের ইস্যুতে রাজ্যের রাজনৈতিক উত্তাপ অব্যাহত। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের ভূমিকাকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন। বিশেষ করে, কমিশনের ওয়েবসাইটে একসময় সব ভোটারকেই বিবেচনাধীন দেখানো নিয়ে তীব্র সমালোচনা শোনা যায় তাঁর কণ্ঠে।
এই বিতর্কের মাঝেই কমিশন জানিয়েছে, যাঁদের নাম নিষ্পত্তি হয়েছে, তাঁদের তথ্য ইতিমধ্যেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২টি নাম বাদ পড়েছে। এর মধ্যে প্রথম অতিরিক্ত তালিকা থেকেই প্রায় ১২ লক্ষ নাম বাদ গিয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষের কিছু বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭০৫ জন বিচারক ধাপে ধাপে এই নিষ্পত্তির কাজ করছেন। যদিও প্রথম অতিরিক্ত তালিকায় ঠিক কতজনের নাম যুক্ত বা বাদ পড়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি কমিশন।
এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। পরবর্তী পর্যায়ে খসড়া তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও সেই সংখ্যা আরও বাড়ে। সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষে বাদ পড়া নামের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষেরও বেশি।
এছাড়া, খসড়া তালিকার ভিত্তিতে প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ 'নো ম্যাপিং' ও তথ্যগত অসঙ্গতির কারণে চিহ্নিত হয়। দীর্ঘ শুনানি প্রক্রিয়ার পর বিপুল সংখ্যক ভোটারের নথি যাচাই করে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে।
ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া এখনো চলমান। দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই নজর রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।












Click it and Unblock the Notifications