পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রে সম্ভাব্য মন্ত্রী কারা! নতুন সাংসদদের নিয়ে জল্পনা তুঙ্গে
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কারা। প্রতিদিনই নতুন নতুন নাম ভাসছে রাজনৈতিক মহলে। ২০২১-এর দিকে খেয়াল রেখে রাজ্য থেকে একাধিক ক্যাবিনেট মন্ত্রী করা হবে বলেই সূত্রের খবর।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কারা জায়গা পাচ্ছেন? প্রতিদিনই নতুন নতুন নাম ভাসছে রাজনৈতিক মহলে। ২০২১-এর কথা মাথায় রেখে রাজ্য থেকে একাধিক ক্যাবিনেট মন্ত্রী করা হবে বলেই সূত্রের খবর। এর সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভূমিপূত্রদেরও গুরুত্ব দেওয়া হতে পারে।

জয়ন্ত রায়
এবারই প্রথম জলপাইগুড়ি আসন থেকে নির্বাচিত হয়েছেন উত্তরবঙ্গের ভূমিপুত্র হিসেবে পরিচিত জয়ন্ত রায়। সরকারি চিকিৎসক পদে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন তিনি।
প্রথমবারেই সাফল্য পেয়ে যান। রাজবংশী সম্প্রদায়ের এই ভূমিপুত্রকে মন্ত্রী করে বার্তা দেওয়া হতে পারে বিজেপির তরফে।

নিশীথ প্রামাণিক
মন্ত্রী করা হতে পারে কোচবিহার থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিককে। যিনি ডিসেম্বরেও ছিলেন কোচবিহার তৃণমূলের যুব নেতা, এমনই একজনকে বেছে নিয়েছিল বিজেপি। তাঁর সঙ্গে কোচবিহারের তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ ছিল দীর্ঘদিনের। তাঁর বিজেপিতে যোগ দেওয়া এবং প্রার্থী হওয়া নিয়েও প্রথমের দিকে বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব ছিল। পরে সব কিছু মেনে নিয়ে লড়াই হয়। সেই লড়াইয়ে জিতে যান মুকুল রায়ের ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক।

শান্তনু ঠাকুর
প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে সাফল্য পেয়েছেন শান্তনু ঠাকুর। মতুয়া ভোট নিয়ে তৃণমূলের যে গর্ব ছিল, তা খান খান করে দিয়েছেন এই শান্তনু ঠাকুর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বসবাস মতুয়াদের। সেক্ষেত্রে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করে বার্তা দেওয়া হতে পারে মতুয়াদের।

জ্যোতির্ময় মাহাত
পুরুলিয়া মতো মাটিতে পদ্ম ফুল ফুটিয়েছেন এই বিজেপি প্রার্থী। জঙ্গলমহলে বিজেপি যেসব আসন দখল করেছে তার মধ্যে অন্যতম। আদিবাসী তথা জঙ্গলমহলের ভূমিপুত্র হিসেবে তাঁকে মন্ত্রী করা হতে পারে।

দিলীপ ঘোষ
রাজ্য থেকে বিজেপির সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় প্রথম থেকেই রয়েছেন মেদিনীপুর থেকে নির্বাচিত দিলীপ ঘোষ। পছন্দের তালিকায় শুধু রাজ্যে কাজ করার ইচ্ছা থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করে দেবে তাঁর ভবিষ্যৎ।

বাবুল সুপ্রিয়
গতবার ছিলেন রাষ্ট্রমন্ত্রী। এবার ভোটের ব্যবধান বাড়িয়ে ফিরেছেন সংসদে। ফলে রাষ্ট্রমন্ত্রী থেকে উন্নিত হয়ে পূর্ণমন্ত্রীর পদ তিনি পেতে পারেন বলে সূত্রের খবর।

সুরিন্দর সিং আলুওয়ালিয়া
সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। গতবার দার্জিলিং থেকে জয়ের পর এবার বর্ধমান পূর্ব থেকে জয়ী হয়েছেন তিনি। তবে বিজেপি সূত্রে খবর, তাঁকে ডেপুটি স্পিকারের পদের জন্যও ভাবা হচ্ছে।












Click it and Unblock the Notifications