কলেজে ঢুকে তৃণমূলী ‘গুণ্ডা’বাহিনীর তাণ্ডব, আক্রান্ত অধ্যক্ষ, উত্তাল মন্দিরবাজার কলেজ
তৃণমূলী ‘গুণ্ডা’বাহিনীর হাতে ফের আক্রান্ত অধ্যক্ষ। কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধর করলেন বহিরাগতরা। ছাত্র ভোটের পরই অশান্ত হয়ে উঠল মন্দিরবাজারের গৌরমোহন সচিন মণ্ডল কলেজ।
দক্ষিণ ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি : তৃণমূলী 'গুণ্ডা'বাহিনীর হাতে ফের আক্রান্ত অধ্যক্ষ। কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধর করলেন বহিরাগতরা। ছাত্র ভোটের পরই অশান্ত হয়ে উঠল মন্দিরবাজারের গৌরমোহন সচিন মণ্ডল কলেজ। আর এই মারধরের অভিযোগ উঠল খোদ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। ছাত্র সংসদের পদাধিকারী নির্বাচন নিয়ে গণ্ডগোলের জেরে টিএমসিপি-র কোন্দলের শিকার হলেন অধ্যক্ষ। মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ।
শুধু কলেজে ঢুকে অধ্যক্ষকে প্রহার করেই থেমে থাকেনি টিএমসিপির এই গোষ্ঠী। কলেজে ঢুকে সরকারি সম্পত্তিতে অবাধে ভাঙচুর চালায়। এমনকী হার্ড ডিস্কও নিয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের এই বাহিনী। বাধ্য হয়েই থানায় খবর দিতে হয় অধ্যক্ষকে। অধ্যক্ষ আবদুল্লা জমাদার হাসান বলেন, ভাবতে পারিনি নিজের কলেজেই এভাবে আক্রান্ত হতে হবে। পুলিশকে জানানো ছাড়া উপায় ছিল না। সরকার তথা শিক্ষামন্ত্রীকেও বিষয়টি জানাবেন তিনি।

একটার পর একটা কলেজ উত্তপ্ত হয়ে উঠছে টিএমসিপির কোন্দলের জেরে। শিক্ষামন্ত্রীর বার্তা সত্ত্বেও এই ঘটনা ঘটেই চলেছে। এমনকী মুখ্যমন্ত্রী নিজে সরকার সম্পত্তি ক্ষয়ক্ষতির ঘটনায় কড়া আইন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন, তা সত্ত্বেও সেসব তোয়াক্কা না করে দলের সদস্যরাই সরকারি সম্পত্তিতে অবাধ ভাঙচুর চালাচ্ছে। কোনও কিছুতেই তাঁদের হাতে লাগাম পরানো যাচ্ছে না।












Click it and Unblock the Notifications