সন্ধ্যায় যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেবে SSC? ৩২ হাজার প্রাথমিকের চাকরি বাতিলে হাইকোর্টে বড় মোড়
Bengal Recruitment scam: বেঞ্চ বদল হল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায়। ইতিমধ্যেই এই মামলা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন অব্যাহতি নিয়েছেন। ফলে গত ৭ এপ্রিল এই সংক্রান্ত মামলায় শুনানি হয়নি। মামলা কোন বেঞ্চে শুনানি হবে তা নিয়ে জোর জল্পনা ছিল। জানা গিয়েছে, এবার থেকে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। শুনানি পর্ব শুরু হবে আগামী ২৫ এপ্রিল থেকে।
তবে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মূল মামলা আগামী ২৮ এপ্রিল শুনবে কলকাতা হাইকোর্ট। ফলে এই সংক্রান্ত মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। বিশেষ করে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। শিক্ষক নিয়োগে (Bengal Recruitment scam) কীভাবে কেলেঙ্কারি হয়েছে সর্বোচ্চ আদালতের এহেন নির্দেশে স্পষ্ট।

যদিও এই রায়ের পর গোটা বাংলার নজর রয়েছে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পর্যন্ত। বলে রাখা প্রয়োজন, ২০১৪ সালের টেটের উপর নির্ভর করে ২০১৬ সালে নিয়োগ হয়। তাতেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা হয়। আর সেই মামলায় দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দেয়। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য।
Bengal Recruitment scam: এসএসসি জট কাটবে?
অন্যদিকে আজ সোমবার যোগ্য এবং অযোগ্যদের আলাদা তালিকা প্রকাশ করবে স্কুল শিক্ষা দফতর? সেদিকেই নজর সবার। গত কয়েকদিন আগেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) কাছে তালিকা আছে। আইনি পরামর্শ মেনেই তালিকা অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য তা প্রকাশের কথা বলেন। যা খবর, বিকেলের দিকে সেই সংক্রান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে মিরর ইমেজ নিয়েও আশার আলো দেখান শিক্ষামন্ত্রী। যদিও স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি।
Bengal Recruitment scam: এসএসসি দফতর অভিযানের ডাক
অন্যদিকে এই ইস্যুতে সরকারের উপর চাপ বজায় রাখতে চান যোগ্য শিক্ষকরা। আর সেদিকে তাকিয়েই আজ সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে 'যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে'র তরফে। আর এই অভিযান ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি। গোটা স্কুল সার্ভিস কমিশনের দফতর কার্যত দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে। কাউকে কমিশনের দফতরের ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications