মহাষষ্ঠীর বিকেলে বীরভূমের বাড়ির দুর্গাপুজোয় আসছেন রাষ্ট্রপতি
কীর্ণাহার, ৬ অক্টোবর : বাড়িতে দুর্গাপুজো। মহাষষ্ঠীর দিনেই বীরভূমের কীর্ণাহারের মিরাটিতে নিজের বাড়িতে ফিরছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আগামীকাল বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। এরপরে দমদম থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে কীর্ণাহারে পৌঁছবেন তিনি। সপ্তমীর দিন বাড়িতে মাতৃ আরাধনায় ব্যস্ত থাকবেন। প্রতি বছরের মতো এবারও চণ্ডীপাঠ করবেন রাষ্ট্রপতি।
কীর্ণাহারের বাড়িতে দিদি অন্নপূর্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তবেই মিরাটির বাড়িতে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখানেও তাঁর আপ্যায়নের কোনও ত্রুটি থাকছে না। ভাইয়ের জন্য এবারও নাড়ু বানিয়ে অপেক্ষায় দিদি অন্নপূর্ণা। বাড়িতে পুজোর তদারকিতে ব্যস্ত অভিজিৎ। তিনিও প্রহর গুণছেন বাবার ফেরার অপেক্ষায়।

স্বাভাবিকভাবেই দেশের হাইপ্রোফাইল নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশাসনিক ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা কীর্ণাহার। শুধু বীরভূম জেলা অতিরিক্ত ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপতির গ্রাম ও বাড়িতেও নিরাপত্তার বজ্র আাঁটুনি।
পুজোতে সক্রিয় অংশগ্রহণ থাকছেই। সেইসঙ্গে তাঁরা প্রশাসনিক কর্মসূচিও রয়েছে। সপ্তমীর বিকেলেই বহরমপুরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। তারপর সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। এরপর ফিরবেন মিরাটির বাড়িতে।
সিউড়ির পুলিশ লাইনের ময়দানে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে। সেখানে মহড়া দিচ্ছে সেনা বাহিনীর হেলিকপ্টার। পুলিশ লাইন থেকে বাড়ি, বাড়ি থেকে অনুষ্ঠানস্থল- সর্বত্রই সিসি টিভির নজরদারিতে।












Click it and Unblock the Notifications