প্রতীকউর কি তৃণমূলের পথে? পদত্যাগের কারণ খোলসা করলেন বাম নেতা
সিপিআই(এম)-এর প্রাথমিক সদস্যপদ থেকে প্রতীকউর রহমান ইস্তফা দিতেই চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মগরাহাট থেকে প্রার্থী হতে পারেন বলেও জল্পনা রয়েছে।
জল মেপে প্রতীকউরের পথে আরও কয়েকজন নেতা-নেত্রী সিপিআইএমে বিদ্রোহী হতে পারেন বলেও চর্চা রয়েছে।

প্রতীকউর এদিন দাবি করেন যে, আদর্শ ও নীতি নিয়ে মুখ খোলায় দল তাঁকে কোণঠাসা করেছে। তিনি সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাতের জন্য। হুমায়ুন সম্প্রতি বাবরি মসজিদের আদলে মুর্শিদাবাদের একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন।
প্রতীকউরের অভিযোগ, দলের নেতৃত্ব তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "দলের মধ্যেই কিছু অংশ আমার বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তোলে, অথচ যখন কেউ হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে, তখন এমন কোনও প্রশ্ন ওঠে না।" উল্লেখ্য, নিউ টাউনে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক কবীরের সঙ্গে সেলিমের ওই বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সম্ভাব্য জোটের জল্পনা বাড়িয়েছে।
অন্যদিকে, সিপিআই(এম)-এর এক পদাধিকারী জানিয়েছেন, রাজ্য কমিটি ও প্রাথমিক সদস্যপদ থেকে রহমানের পদত্যাগ প্রসঙ্গে দল এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দলের রাজ্য সদর দফতরে বৃহস্পতিবার থেকে দু'দিনের রাজ্য কমিটির বৈঠক চলছে। প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি প্রতীকউর রহমান গত ১৬ ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজ্য নেতৃত্বের মতামত ও রণনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।
আক্ষেপ করে তিনি বলেছেন, "আমি আদর্শ ও নীতি নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলাম; এগুলোই কি আমাকে এত অপছন্দের পাত্র করে তুলেছে?" রহমান আরও যোগ করেন, "আমি দলের অংশীদার হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তার অনুমতি দেওয়া হয়নি।" তাঁর অভিযোগ, রাজ্য সম্পাদক তাঁকে আলোচনার জন্যও ডাকেননি।












Click it and Unblock the Notifications