দক্ষিণ ও পূর্ব ভারত নিয়ে 'বড়' ভবিষ্যদ্বাণী! তৃণমূল কোথায় ভুল করছে, বললেন প্রশান্ত কিশোর
দিন দশেক পরে লোকসভার প্রথম দফার নির্বাচন হতে চলেছে। সেই সময় সারা দেশের নির্বাচনী পল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, এবারের নির্বাচনে বিজেপি দক্ষিণ ও পূর্বের রাজ্যগুলিতে ভাল ফল করবে। তিনি বলেছেন, বিজেপি উল্লেখযোগ্যভাবে পূর্ব ও দক্ষিণ ভারতে বেশ কয়েকটি আসন যোগ করতে সক্ষম হবে এবং তামিলনাড়ুতে তাদের ভোট ব্যাপক বৃদ্ধি পাবে।
সংবাদ সংস্থা পিটিআইএ-র সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি একবছর আগে বলেছিলেন, ভোট শতাংশের নিরিখে বিজেপি প্রথমবার তামিলনাড়ুতে দুই অঙ্কে পৌঁছে যেতে পারে। তেলেঙ্গানায়া তারা প্রথম কিংবা দ্বিতীয় দল হতে চলেছে।

প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি ওড়িশায় একনম্বর দল হতে চলেছে। সঙ্গে তিনি বলেছেন, অনেকেই অবাক হলেও, তিনি মনে করছেন, পশ্চিমবঙ্গেও বিজেপি একনম্বর দল হতে চলেছে। তবে সঙ্গে তিনি সম্ভাবনা কথাটি উল্লেখ করেছেন। তিনি অবশ্য এর আগে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, বিজেপি ৫৪৩ আসনের লোকসভায় ৩৭০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
আগেকার ফল
প্রসঙ্গত ২০১৪ ও ২০১৯-এর নির্বাচনে বিজেপি তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহারে একত্রিতভাবে ৫০ পেরিয়ে যেতে পারেনি। ২০১৪-তে বিজেপি উল্লিখিত রাজ্যুগুলি থেকে ২৯টি এবং ২০১৯-এ ৪৭ টি আসন দখল করেছিল।
অন্ধ্র নিয়েও ভবিষ্যদ্বাণী
এবার লোকসভা নির্বাচনের সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রশান্ত কিশোর বলেছেন, বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ফিরে আসাটা কঠিন। এর পিছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, জগনমোহন রেড্ডির মতো নেতারা নেতা হওয়ার পরিবর্তে পরিষেবা প্রদানকারী হয়ে উঠেছেন। তিনি বলেছেন, একজন নেতা হওয়া আর পরিষেবা প্রদানকারী হওয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে।
প্রসঙ্গত, ২০১৯-এ প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক জগনমোহন রেড্ডির হয়ে কাজ করেছিলেন। সেই সময় ওয়াইএসআর কংগ্রেস টিডিপিকে হারিয়ে রাজ্যের ক্ষমতা দখল করে। এবার টিডিপি সেখানে বিজেপির সহযোগী দল।
হিন্দি বেল্ট ও পশ্চিম ভারতেও বিজেপি
প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি এবার হিন্দি বেল্টে এবং পশ্চিম ভারতে তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। বিজেপি যদি এইসব এলাকায় কমপক্ষে একশো আসনে হারে, তাহলেই তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে এমনটা হবে না বলে ভবিষ্যদ্বাণী করছেন প্রশান্ত কিশোর।
কংগ্রেসের নীতিতে ভুল
কংগ্রেসকে নিশানা করে প্রশান্ত কিশোর বলেছেন, প্রধানমন্ত্রী মোদী গত পাঁচ বছরে কতবার তামিলনাড়ুতে গিয়েছেন, আর রাহুল গান্ধী, সনিয়া গান্ধী কিংবা অন্য বিরোধী নেতারা কতবার তামিলনাড়ুতে গিয়েছেন, তা অবশ্যই হিসেব করতে হবে। লড়াই যেখানে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশে, সেখানে মণিপুর ও মেঘালয় সফরে কি সাফল্য আসবে, প্রশ্ন করেছেন তিনি।
প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধীদের কাছে বিজেপির যাত্রা থামাতে তিনটি স্বতন্ত্র ও বাস্তবসম্মত সম্ভাবনা ছিল। কিন্তু কিছু ভুল কৌশল আর অলসতার কারণে সেই সুযোগ নষ্ট হয়েছে। তিনি বলেছেন, কংগ্রেসে কাঠামোগত ত্রুটি রয়েছে।
কোথায় বিজেপির সঙ্গে তফাত
তিনি আরও বলেছেন, ইন্ডিয়া ব্লক এই নির্বাচনে কোনও কার্যকরী ভূমিকা নিতে পারবে না, কারণ ইতিমধ্যেই প্রায় ৩৫০ আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তিনি বলেছেন, বিজেপি জিতবে। কারণ, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপির মতো দলগুলি নিজেদের রাজ্যে বিজেপিকে ছাপিয়ে যেতে পারছে না। কারণ তাদের ন্যারেটিভ, মুখ বা অ্যাজেন্ডা নেই, বলেছেন প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications