প্রশান্ত কিশোরের ভরসা ‘জয় শ্রীরাম’-এ! বাংলায় একুশের ভোট-কৌশল বদল নতুন সমীকরণে
প্রশান্ত কিশোরের ভরসা ‘জয় শ্রীরাম’-এ! একুশের ভোট-কৌশল বদল নতুন সমীকরণে
২০১৯-এ বিজেপির জয় শ্রীরামে ঘোরতর আপত্তি থাকলেও, ২০২১-এর আগে আর রাম নামে অনীহা নেই তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের ভোট কৌশলী হয়ে এসে প্রশান্ত কিশোর জয় শ্রীরামের ভয় দূর করে দিয়েছেন। এখন তো তৃণমূল কংগ্রেস রাম নামের মাদুলিও পরতে রাজি। তৃণমূল এখন রাম নামেই জয় দেখছে ২০২১-এর বিধানসভায়।

জয় শ্রীরামে ভরসা পিকের
২০১৯-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি তোলায় কম বিতর্ক হয়নি। এরপর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বিজেপি জয় শ্রীরামের ধ্বনি তুলত। তবে সেই জয় শ্রীরামের ভীতি দূর করে প্রশান্ত কিশোর এখন অন্য সমীকরণ রচনা করতে চলেছেন।

টিম আই প্যাক ময়দানে
প্রশান্ত কিশোর স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে চয়ন করে তৃণমূলে ভেড়াবার চেষ্টা করে চলেছেন। টিম আই প্যাককে ময়দানে নামিয়ে তিনি একবার বামদের দোরগোড়ায় কড়া নাড়ছেন, একবার নাড়ছেন বিজেপির দোরগোড়ায়। সম্প্রতি বিজেপি নেতা টিম আই প্যাককে জয় শ্রীরামের ‘ভয়' দেখালেও প্রশান্ত কিশোরের সৈনিক তা সাদরে গ্রহণ করতে রাজি হয়েছেন।

রামকে ভগবান মানেন
টিম পিকের পক্ষ থেকে বিজেপি নেতার কাছে যেতেই বিজেপি নেতা জানিয়েছিলেন, তিনি জয় শ্রীরাম ছাড়া কিছুই বোঝেন না। তাদের কাছে গিয়ে পিকের টিমের পক্ষ থেকে বলা হয়েছে জয় শ্রীরাম বললে তাদের কোনও আপত্তি নেই। রাম নামে অনীহা নেই তৃণমূলেরও। কেননা তৃণমূল রাম নামকে ভগবানের নাম বলেই মানে, বিজেপির স্লোগান নয়।

রামের মাহাত্ম্য তৃণমূলে
প্রশান্ত কিশোরের টিম সাফ জানিয়ে দিয়েছে, দিদিও মানবেন রাম নামের মাহাত্ম্য। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে আসছেন, রামকে তাঁরা ভগবান মানেন। জয় শ্রীরাম বলে ভগবান রামচন্দ্রকে খাটো করছে বিজেপি। তৃণমূলের কাছে রাম নামের মাহাত্ম্য আগের মতোই একই আছে।

ধর্ম নিয়ে রাজনীতি
তৃণমূল নেতারা বলছেন, ভালো মানুষকে সবসময় আমরা স্বাগত জানাই। আমরা সর্বধর্মে বিশ্বাসী। যে যার ধর্ম নিজের কাছে, ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না। আমাদের কোনওদিনই রাম নামে আপত্তি ছিল না। আজও নেই। ধর্ম নিয়ে হানাহানি করে বিজেপি। ধর্মের বিভাজনের রাজনীতিই তো ওরা করে আসছে চিরদিন।












Click it and Unblock the Notifications