মমতা-অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভোট কৌশলী প্রশান্ত কিশোর! জল্পনা তুঙ্গে
মমতা-অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভোট কৌশলী প্রশান্ত কিশোর! জল্পনা তুঙ্গে
বাবুল সুপ্রিয় বেরিয়ে যেতেই নবান্নে এলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক মহল এই বৈঠকের কারণ নিয়ে চর্চা শুরু করেছে। ত্রিপুরার সাংগঠনিক বিস্তার, নাকি ২০২৪-এর লক্ষ্যে নির্দিষ্ট কোনও পরিকল্পনা নিয়ে তাঁদের বৈঠক হল, তা নিয়েই জল্পনা চলছে।

নবান্নে মমতা-অভিষেক-পিকের রুদ্ধদ্বার বৈঠক
এদিন নবান্ন থেকে বাবুল সুপ্রিয় বেরিয়ে যাওয়ার পর আগমন ঘটে প্রশান্ত কিশোরের। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবর্তা হয়। কী নিয়ে এই বৈঠকে তা স্পষ্ট না হলেও সহজেই অনুমেয় যে ত্রিপুরার সাংগঠনিক বিস্তার ও ২০২৪-এর লক্ষ্যে কোন পথে এগোবে দল, তা নিরূপণ করাই বৈঠকের উদ্দেশ্য।

মমতার সঙ্গে প্রশান্ত কিশোর ভবানীপুরে শীতলা মন্দিরে
নবান্নে গিয়ে বৈঠকই নয়, বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শীতলা মন্দিরে যান প্রশান্ত কিশোর। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের ভবানীপুরে শীতলা মন্দিরে পুজো দিতে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ উপনির্বাচনের আগে।

তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বাংলার ভোটে বিজেপিকে পর্যুদস্ত করার পর তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে সংগঠন বিস্তারের পরিকল্পনা করেছে। বাংলাভাষী ত্রিপুরাকে তৃণমূল অগ্রাধিকার দেয়। সেইমতো অভিষেকের নেতৃত্বে ত্রিপুরায় দলীয় সংগঠনের বিস্তারে নেমেছে তৃণমূল। এই অভিযানে প্রথম থেকেই বাধার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূলকে। সেই আঙ্গিকে প্রশান্ত কিশোরের বৈঠক সারলেন মমতা-অভিষেকের সঙ্গে।

পিকের টিমের সমীক্ষা রিপোর্ট নিয়েই কি নবান্নে আলোচনা
ত্রিপুরায় পা রাখার আগে প্রশান্ত কিশোরের টিম আই প্যাককে পাঠানো হয়েছিল জল মাপার জন্য। তখন থেকেই উত্তেজনার শুরু ত্রিপুরায়। প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের মুক্ত করার জন্য তৃণমূলকে ত্রিপুরা পাড়ি দিতে হয়। তারপর অবশ্য পিকের টিম ত্রিপুরায় সমীক্ষা চালায়। সেই সমীক্ষা রিপোর্ট নিয়ে এদিন কোনও পর্যালোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৪-এর রণনীতি কী হবে, কোন কৌশল নেবে তৃণমূল
বাংলার গণ্ডি পেরিয়ে অন্য রাজ্য প্রবেশ করছে তৃণমূল। ত্রিপুরা সরকারকে চ্যালেঞ্জের মুখেও ফেলে দিয়েছে তারা। এই অবস্থায় ২০২৪-এর রণনীতি কী হবে। কোন কৌশল অবলম্বন করতে হবে তৃণমূলকে। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়েই বা কী হবে পরিকল্পনা, তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।

জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক আলোচ্য বিষয!
সম্প্রতি তৃণমূলের মুখপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদীর বিকল্প মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েচে রাহুল পারেননি, মমতাই মোদীর বিকল্প মুখ। তৃণমূলের এই অবস্থানের পর কংগ্রেসের সঙ্গে জাতীয় স্তরে তাঁদের জোট কতটা ফলপ্রসূ হবে, এই বিষয়টি কংগ্রেস কীভাবে নিচ্ছে। কিংবা কেমন প্রতিক্রিয়া পড়েছে, তা জানাও এই বৈঠকের উদ্দেশ্য হতে পারে। বা এমন হতে পারে মুখপত্রে তৃণমূল যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান নিয়ে চলা সমীচিন হবে কি হবে না, তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।












Click it and Unblock the Notifications