তৃণমূলে পিকের ভূমিকায় প্রশ্ন দলের অন্দরেই! পুরভোটের মুখে বড় ‘অস্ত্র’ পেল বিজেপি
তৃণমূলে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে পড়ল এবার। লোকসভা নির্বাচনে আশাতীত সাফল্য না পেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিলেন।
তৃণমূলে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে পড়ল এবার। লোকসভা নির্বাচনে আশাতীত সাফল্য না পেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিলেন। তারপর থেকে প্রশান্ত কিশোর নীরবে কাজ করে যাচ্ছিলেন। সে অর্থে কেউ আঙুল তোলার সাহস পাননি। এতদিনে বাঁধ ভেঙে গেল।

প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের এক শ্রমিক নেতা। কোচবিহার জেলা আইনএনটিটিইউসির সাধারণ সম্পাদক আলিজার রহমান কোনও রাখঢাক না রেখেই সোশ্যাল মিডিয়ায় ঢাক পিটিয়ে দিলেন। তিনি প্রশান্ত কিশোরকে একহাত নিয়ে যা লিখলেন, তাতে তৃণমূলের অস্বস্তির কারণ রয়েছে ঢের।

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট
আলিজার লেখেন- সংগঠনের জনবিচ্ছিন্ন ও দুর্নীতিগ্রস্ত নেতাদের পুনঃপ্রতিষ্ঠা করতেই কি টিম পিকে কাজ করছে? আলিজার এই পরিপ্রেক্ষিতে প্রশ্নের উত্তরে বলেন, দলে যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ টিম পিকে দায়িত্ব নিয়েছেন নয় নয় করে সাত মাস হয়ে গেল। তিনি তাহলে কী করলেন?

আলিজার পোস্টে উঠল বিতর্কের ঝড়
আলিজার এই পোস্টের পরই বিতর্কের ঝড় উঠেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই মন্তব্য ঘুরে ফিরে বেড়ানোয় অস্বস্তি পড়েছে শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন সরাসরি এড়িয়ে গিয়েছেন এই প্রশ্ন। তিনি বলেন, আমি জানি না তিনি কী লিখেছেন? তবে এই কথা যদি তিনি লিখে থাকেন, তবে এটি তাঁর একান্তই ব্যক্তিগত মত।

আদি নেতাদের ফেরাতে তৎপরতা
দলের কার্যকরী সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, কারও ব্যক্তিগত মত নিয়ে কোনও কথা বলতে চাই না। তাঁর ওই বক্তব্যের সঙ্গে দল একমত নয়। দল দুর্নীতিগ্রস্থ নেতাদের কোনও আমল দিচ্ছে না। যাঁরা বসে গিয়েছেন, সেইসব আদি নেতাদের ফিরিয়ে এনে সক্রিয় করার চেষ্টা চালানো হচ্ছে তৃণমূলের তরফে।

বিজেপি রসদ পেল আলিজারের পোস্টে
তবে তৃণমূল যাই বলুক, বিজেপি বেশ খানিকটা রসদ পেয়ে গেল আলিজারের ওমন পোস্টের পর। বলা যায়, বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দিলেন তিনি। বিজেপির জেলা নেতৃত্ব সাফ জানিয়েছে, তৃণমূলের বেশিরভাগ নেতারাই দুর্নীতিযুক্ত। টিম পিকে কেন, বড় কোনও এজেন্সিকে নিয়ে এসেও কোনও কাজ হবে না।












Click it and Unblock the Notifications