প্রশান্ত কিশোরের হাতে ‘টিকি বাঁধা’ তৃণমূল বিধায়কদের! একুশের ভোটে জল্পনা তুঙ্গে
প্রশান্ত কিশোরের হাতে ‘টিকি বাঁধা’ তৃণমূল বিধায়কদের! একুশের ভোটে জল্পনা তুঙ্গে
২০১৯-এর লোকসভা ভোটে ধাক্কা খেয়ে প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এরপর তৃণমূলকে ফের জয়ের সরণিতে নিয়ে আসেন। এরই মধ্যে ২০২১-এর বিধানসভার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। এবার তাঁর রিপোর্টের ভিত্তিতেই বিধানসভার টিকিট মিলবে বলে সূত্রের খবর।

বিধায়কের ভাগ্য প্রশান্ত কিশোরের হাতে
সূত্র জানায়, নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের টিকিট বিতরণে নির্ধারক হয়ে উঠবেন। তাঁর রিপোর্ট কার্ডের উপর নির্ভর করছে অনেক বিধায়কের ভাগ্য। তিনিই ঠিক করে দেবেন কোন নেতার ভাগ্য খুলতে চলেছে, কোন নেতার কপালে হাত।

আদি-নব্য মিশেলেই তৃণমূলের ‘রণ-বাহিনী’
গত সপ্তাহে তৃণমূলে বি্রাট রদবদল হয়েছে। এই রদবলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রশান্ত কিশোর। তাঁর রিপোর্টের উপরই ভিত্তি করে সংগঠন সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা গিয়েছে যুব নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসতে। আবার আদি নেতাদেরও অবজ্ঞা করা হয়নি। একপ্রকার আদি-নব্য মিশেলেই তৈরি হয়েছে তৃণমূলের ‘রণ-বাহিনী'।

প্রশান্তের রিপোর্ট কার্ডে মানদণ্ড
সাজাচ্ছেন দলীয় সূত্র জানিয়েছে, প্রশান্ত কিশোরের টিম রিপোর্ট তৈরি করছে, কতকগুলি নির্ধারিত কারণের উপর ভিত্তি করে। বর্তমান বিধায়ক বা প্রস্তাবিত প্রার্থীর জনপ্রিয়তা, বিগত পাঁচ বছরে তাঁর কার্যকারিতা, দলীয় কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, স্থানীয় ইউনিটের মধ্যে সবাইকে মানিয় চলার ক্ষমতা এবং সর্বোপরি বিশুদ্ধ ভাবমূর্তি- এই কারণগুলির উপরই রিপোর্ট কার্ড সাজাচ্ছেন প্রশান্ত।

প্রশান্ত কিশোর ও তাঁর আই-প্যাকের পরামর্শ
সূত্রের খবর, "২০১৬ সালে তৃণমূল অপেক্ষাকৃত সহজ লড়াইয়ের মুখোমুখ হয়েছিল। সুতরাং টিকিট বিতরণ করার সময় তৃণমূলের কাছে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার বিলাসিতা ছিল। তবে এবার বিষয়গুলি ভিন্ন। এবার কোনও পরীক্ষা-নিরীক্ষার জায়গা নেই। প্রশান্ত কিশোর ও তাঁর আই-প্যাকের পরামর্শ তাই আবশ্যক হয়ে উঠেছে।

প্রার্থী বাছাইয়ে আই-প্যাকের ভূমিকা গুরুত্বপূর্ণ
এবার উপযুক্ত মানদণ্ড, যথাযথ মানদণ্ড বিচার করেই তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হবে। আগামী নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে তাই আই-প্যাকের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। প্রশান্ত কিশোর ও তাঁর দল বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে গ্রাউন্ড লেভেল থেকে ইনপুট সরবরাহ করবে। জনগণের মধ্যে প্রার্থীদের গ্রহণযোগ্যতা, দলের পদমর্যাদা, প্রোফাইল সম্পর্কে অনুসন্ধান করবে।

সমীক্ষা চলছে, ইনপুট দেবেন প্রশান্ত কিশোর
সম্প্রতি একটি সমীক্ষাও চালানো হচ্ছে। টিকিট বিতরণ করার সময় প্রশান্ত কিশোরের ইনপুটকে দলীয় নেতৃত্ব গুরুত্ব দেবে। এবং দলের প্রতিক্রিয়া বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট কথা এবার একেবারে মেপে পা ফেলতে চাইছে তৃণমূল। কোনওরকম ভুলভ্রান্তি এবার বুমেরাং হতে পারে।

'দিদিকে বলো'য় বিধায়কদের পারফরম্যান্সও বিবেচিত
দলীয় সূত্রে জানা গেছে, 'দিদিকে বলো' প্রচার পরিকল্পনার সময় বিধায়কদের পারফরম্যান্স সম্পর্কিত রিপোর্টও টিকিটের বরাদ্দের জন্য বিবেচিত হবে। সূত্র জানিয়েছে, "এমন কিছু খবর পাওয়া গেছে যে কিছু বিধায়ক এই প্রোগ্রামটি গুরুত্বের সাথে পরিচালনা করেননি। এই বিষয়টিকেও বিবেচনা করা হবে বিধানসভার টিকিট বিতরণের আঙ্গিকে।

২০২১ তৃণমূলের কাছে কড়া চ্যালেঞ্জ
২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি জিতে বিজেপি কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তৃণমূলকে ৩৪ থেকে ২২-এ ঠেলে দিয়ে প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল বিজেপি। এরপরই পশ্চিমবঙ্গ আসন্ন এপ্রিল-মে মাসে বিধানসভা ভোটকে টার্গেট করেছে বিজেপি। তাই তৃণমূলের কাছে এবার কড়া চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দৃঢ় হাতেই মোকাবিলা করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications