লোকসভা নির্বাচনের আগে বাংলায় নয়া সমীকরণ! রাহুলের উদ্যোগে আশার আলো
সোমবার দিল্লিতে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বৈঠক করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে। তারপর থেকেই রাজ্যের অন্দরে তৈরি হয়েছে নয়া সমীকরণের জল্পনা।
সোমবার দিল্লিতে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বৈঠক করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে। তারপর থেকেই রাজ্যের অন্দরে তৈরি হয়েছে নয়া সমীকরণের জল্পনা। প্রশ্ন উঠে পড়েছে, তবে কি ফের কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোট হতে চলেছে বিধানসভা নির্বাচনের মতোই? যদিও প্রদেস কংগ্রেস এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

তৃণমূলের সঙ্গে জোট নয়
লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস একা লড়বে, এ ব্যাপারে কার্যত সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেসও জোটে যেতে রাজি নয়, সংগঠন বাঁচাতে কংগ্রেসও চায় না তৃণমূলের সঙ্গে জোট করে লড়তে। বরং একা লড়েই লোকসভা নির্বাচনে দাগ কাটতে চাইছে কংগ্রেস।

রাহুলের সঙ্গে সীতারামের বৈঠক জল্পনা
তবে এরই মধ্যে সীতারাম ইয়েচুরির সঙ্গে দিল্লিতে রাহুলের বৈঠকের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাহুলের সঙ্গে সীতারামের বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য স্পষ্ট হয়নি। উভয়পক্ষই মুখে কুলুপ এঁটেছে। তবে রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকে লোকসভার আগে জোট নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক নিয়ে প্রদেশের বার্তা
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। বাংলায় জোট নিয়ে কোনও আলোচনা হলে তিনি নিশ্চিয়ই জানতে পারতেন। তেমন কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। সোমেন জানান, তিনিও জেনেছেন সংবাদমাধ্যম সূত্রে। তবে তিনি এবং প্রদেশের কংগ্রেসের সিংহভাগ নেতৃত্ব জানান, এই বৈঠকে তাঁরা খুশি।

জাতীয় রাজনীতির স্বার্থ আলাদা
একইসঙ্গে সোমেন মিত্র-রা স্পষ্ট করে দেন, রাজ্যে কোনওমতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে চান না তাঁরা। জাতীয় রাজনীতির স্বার্থে তৃণমূলকে সমর্থন দেওয়া বা সমর্থন নেওয়াটা একেবারেই ভিন্ন ইস্যু। কিন্তু রাজ্যে তৃণমূলের বিরোধী আসনেই তাঁরা থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। এবং থাকবেনও।

একা নতুবা বাম-সঙ্গ চায় প্রদেশ
প্রদেশ কংগ্রেসের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে হয় একলা লড়বেন তাঁরা, নতুবা সিপিএমের সঙ্গে জোট করবেন তাঁরা। কিন্তু তৃণমূল সঙ্গে নয় কোনওমতেই। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন জানিয়ে ফোন করেছিলেন। তাতে প্রদেশের মন যেমন ভেঙে গিয়েছিল, তেমনই রাহুল-সীতারাম বৈঠক অক্সিজেন দিল তাঁদের।












Click it and Unblock the Notifications