বিজেপি কর্মী অভিজিৎ খুনে ২০ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের! খুন, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নয়া মোড়। তদন্তের প্রায় মাসখানেকের মাথায় খুনের ঘটনাতে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, ২০ জনের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে যাদের না
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নয়া মোড়। তদন্তের প্রায় মাসখানেকের মাথায় খুনের ঘটনাতে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, ২০ জনের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে যাদের নাম রয়েছে তাঁরা সবাই স্থানীয় তৃণমূল কর্মী বলেই পরিচিত বলে জানা যাচ্ছে।
৩০২ অর্থাৎ খুন, শ্লীলতাহানি সহ একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই মামলাতে চার্জশিট জমা দেয় সিবিআই।

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলাতে তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে খুন, ধর্ষণ সহ একাধিক ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৪০টিরও বেশি এফআইআর এখনও পর্যন্ত দায়ের করেছে তদন্তকারী আধিকারিকরা।
আর সেই মতো গোটা বাংলাজুড়েই কার্যত ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছেন কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। তবে ভোটের পরেই যেভাবে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করা হয় সেই ঘটনাতে কার্যত শিউরে ওঠে নাগরিক সমাজ। ফলাফল ঘোষণা হতেই কাঁকুড়গাছিতে এই কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে পিটিয়ে মারা হয় বলেও অভিযোগ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরেই প্রথমে অভিজিৎ সরকারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। প্রয়াত বিজেপি কর্মীর পরিবারের অন্যান্য সদস্যদের একাধিকবার কার্যত জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন আধিকারিকরা। জানা গুয়েছে, ঘটনার আগে ফেসবুকে পুরো ঘটনার লাইভ করেন অভিজিৎ। সেই ভিডিও সিবিআইয়ের হাতে তুলে দেন পরিবারের সদস্যরা।
তবে চার্জশিট দেওয়ার আগে পুরো ঘটনা দফায় দফায় জানার চেষ্টা করে সিবিআই। পরিবার তো বটেই, পাড়ার অন্যান্য সদস্যদের কাছ থেকেও তথ্য জানার চেষ্টা করে সিবিআই। শুধু তাই নয়, এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে বেশ কয়েকজন পুলিশ আধিকারিককেও জেরা করা হয়।
তবে তাৎপর্যপূর্ণ ভাবে আদালতে জমা দেওয়া চার্জশিটে নাম নেই কোনও পুলিশ অফিসারের। ঘটনার সময়ে ভিডিওতে যা দেখা গিয়েছে তাঁদের নামেই এই চার্জশিট জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলাতে ইতিমধ্যে চারটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তদন্ত শুরুর প্রায় সপ্তাহখানের মধ্যে প্রথম চার্জশিট জমা দেওয়া হয়। তবে সম্প্রতি কোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল মানিক মৈত্র নামে এক ব্যক্তির। সেই মামলায় চার্জশিট পেশ করা হয়েছে।
চার্জশিটে মোট ৬ জনের নাম রয়েছে, যার মধ্যে চার তৃণমূল নেতা পলাতক। শীতলকুচির ছোট শালবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মানিক মৈত্র নামে ওই যুবকের। এলাকারই বাসিন্দা বছর ৩০-এর মানিক মৈত্রের পেটে গুলি লেগেছিল। সেই ঘটনাতে চার্জশিট পেশ করে সিবিআই।












Click it and Unblock the Notifications