উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে শীতের মৃদু আমেজ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ফের পাল্টাতে চলেছে রাজ্যের আবহাওয়া। টানা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আগামী দু'দিনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকায় তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু অঞ্চলে পড়তে পারে বলেই মত আবহাওয়াবিদদের। দার্জিলিং ছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দপ্তরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তার ফলেই এই পরিবর্তন। যদিও এখনই জোরালো কুয়াশার কোনো সতর্কতা নেই। কোথাও কোথাও সকালে সামান্য কুয়াশা দেখা যেতে পারে, দুপুরে রোদে আকাশ থাকবে বেশিরভাগ সময়ই পরিষ্কার। দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরের চার জেলা ছাড়া বাকি রাজ্যে আগামী পাঁচ থেকে সাত দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
অন্যদিকে কলকাতায় সামান্য শীতের ছোঁয়া, মঙ্গলবারের ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বুধবার পারদ নেমে ১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে শীতে বড় পরিবর্তনের আশঙ্কা নেই। আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভব থাকলেও দুপুরে ততটা আমেজ থাকবে না।
তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। সামনের দিনগুলোয় পারদ বেশি ওঠানামা করবে না, সর্বোচ্চ দুই ডিগ্রি পর্যন্ত ওঠা নামা হতে পারে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। পশ্চিমাঞ্চলে সবথেকে বেশি শীতের ছোঁয়া, সেখানে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামছে পারদ।
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে (দার্জিলিং বাদে) সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি, আর নীচের দিকের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।












Click it and Unblock the Notifications