এগরায় ট্রলি ব্যাগে মহিলার দেহ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বর্তমান প্রেমিকার কথাতে খুন করা হয়েছিল প্রাক্তন প্রেমিকাকে ।
বর্তমান প্রেমিকার কথাতে খুন করা হয়েছিল প্রাক্তন প্রেমিকাকে । বর্তমান প্রেমিকার কথাতেই কলকাতার দমদম এলাকায় প্রাক্তন প্রেমিকাকে খুন করে তার মৃতদেহ ট্রলি ব্যাগে করে নিয়ে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের দেখানোর পর ট্রলি ব্যাগ সহ মৃতদেহ ফেলে দেওয়া হয় রাস্তা পাশে । পূর্ব মেদিনীপুরের এগরা থানার এলাকায় ট্রলি ব্যাগের ভেতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ । গত ৯ মার্চ সকালে এগরা শহরের কাছে রাস্তার পাশে একটি কালভার্টের নিচে থেকে উদ্ধার করা হয় এক মহিলার মৃতদেহ । মৃতদেহটি একটি ট্রলি ব্যাগের ভেতর রাখা ছিল ।

সোমবার, ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই যুবতীর প্রেমিক সৌরভ দে সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় । যে মহিলাকে খুন করা হয় তার পরিচয় জানা গিয়েছে । পুলিশ সুপার জানিয়েছেন যে মৃতার নাম অনিতা দাস । তিনিও দমদম এলাকায় থাকতেন ।
পুলিশ জানায় যে অনিতা দাস বিবাহ বিচ্ছিন্না ও তার দুই সন্তান আছে । তিনি দমদম এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন । তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সৌরভ দের । সৌরভ একজন টোটো রিকশা চালক । বেশ কিছুদিন আগে সৌরভ দিঘা ঘুরতে আসে। তখন তার সঙ্গে পরিচয় হয় এগরার ছত্রি এলাকার মৌমিতা শী-র। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । তখনই মৌমিতা জানতে পারে যে সৌরভের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক আছে। এই কথা জানার পর মৌমিতা তাকে বলে যে সৌরভ যদি ওই মহিলাকে খুন করে তার মৃতদেহ তাকে ও তার পরিবারের সদস্যদের দেখায় তাহলেই সে সৌরভকে বিয়ে করতে রাজী ।
পুলিশ জানায় যে এই মৌমিতার কথাতেই সৌরভ দুজন কে ভাড়া করে নিয়ে আসে ও 7 মার্চ অনিতা দাসকে খুন করে মৃতদেহ টি একটি ট্রলি ব্যাগের ভেতর নিয়ে এসে এগরার ছত্রি গ্রামে মৌমিতা ও তার পরিবারের সদস্যদের দেখায় । তার পর মৃতদেহ সমেত ট্রলি ব্যাগটি ফেলে দেওয়া হয় এগরার রাস্তার পাশে ।
পুলিশ জানায় যে প্রেমের জন্য খুন করা হয়েছে এমন অনেক ঘটনা আছে । কিন্তু প্রাক্তন প্রেমিকাকে খুন করে তার মৃতদেহ এনে বর্তমান প্রেমিকার কথাতে তাকে খুন করে মৃতদেহ এনে দেখানো হয়েছে এমন নিদর্শন নেই । এই নৃশঃস ভাবে খুন ও এই ভাবে মৃতদেহ নিয়ে এসে বর্তমান প্রেমিকাকে দেখানো বিষয়টি কে কি বলে ব্যাখ্যা করা হয় তাও বুঝতে পারছেন না পুলিশ আধিকারিকরা ।
পুলিশ জানায় যে বিভিন্ন সূত্রে তারা বেশ কিছু তথ্য পেয়ে তদন্ত করে ওই মহিলার পরিচয় পেয়েছে । তার পর দমদমের বেদিয়াপাড়া এলাকার থেকে সৌরভ ও মৌমিতা কে গ্রেফতার করে । সৌরভ মৌমিতাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে । পুলিশ জানায় যে ওই খুনের ঘটনা স্বীকার করেছে সৌরভ । তাকে জেরা করার পর ছত্রি গ্রাম থেকে মৌমিতার বাবা নারায়ণ শী এবং রমাকান্ত জানা নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ দাবি করেছে যে পুরো ঘটনা স্বীকার করেছে ওই চার জন । তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ । প্রয়োজনে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে দেখাতে বলা হবে তাদের ।












Click it and Unblock the Notifications