এবার খেজুরি আক্রান্ত পুলিশ! গৃহবধূর মৃতদেহ ছিনতাইয়ের চেষ্টা
মাঝ রাস্তায় এক গৃহবধূর মৃতদেহ ছিনতাই করার চেষ্টায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার রামচক ট্যাংরামারি এলাকায়। গৃহবধূর বাপের বাড়ির তাণ্ডবে আহত হয়েছেন ১৮জন পুলিশ কর্মী।
মাঝ রাস্তায় এক গৃহবধূর মৃতদেহ ছিনতাই করার চেষ্টায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার রামচক ট্যাংরামারি এলাকায়। গৃহবধূর বাপের বাড়ির তাণ্ডবে আহত হয়েছেন ১৮জন পুলিশ কর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি ভ্যানও। মৃতার বাপের বাড়ির অভিযোগ শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা খেয়ে পুলিশ খুন হওয়া গৃহবধূকে আত্মহত্যার ঘটনা বলে চালাতে চাইছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার সময়। মৃতের নাম অনিতা মন্ডল।

রবিবার রামচক গ্রামে নিজের বাড়িতে অনিতার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় অনিতার বাপের বাড়ির লোকেরা। মহিলার বাপের বাড়ির দাবি, খুন করা হয়েছে তাদের মেয়েকে। দুপুর নাগাদ রামচক গ্রামে দেহ উদ্ধারে যায় খেজুরি থানার পুলিশ।
অনিতার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেদের গ্রেপ্তার না করেই একটি টোটোতে মৃতদেহ চাপিয়ে ফিরে যাচ্ছিল পুলিশ ।
এরপর ট্যাংরামারির কাছে পুলিশের গাড়ি ঘেরাও করে অনিতার বাপেরবাড়ির লোকেরা। টোটো থেকে মৃতদহে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাতেই বাধা দিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর চলে পুলিশ ভ্যানে। পরে আরও বেশি সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহ।
তালপাটিঘাট কোস্টাল থানার বিদ্যামন্দিরের অনিতার আড়াই বছর আগে রামচকের বাসিন্দা শুভজিৎ মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের ২ মাসের এক শিশুপুত্রও আছে।
জানা গেছে যে নানা কারণে অশান্তি চলত এই দম্পতির মধ্যে। তারপরই এই ঘটনা।
পুলিশ জানিয়েছে বধূ মৃত্যুর ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ না করে পুলিশের ওপর হামলা ও মৃতদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরেছে তারা । এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকে বধূর স্বামী শুভজিৎ এবং শ্বশুর মনোরঞ্জন নিখোঁজ রয়েছেন। অনিতার বাবা বাঁটুল দাসই তাঁদের অপহরণ করেছেন বলে অভিযোগ। পুলিশ তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য আগের দিন সন্দেশখালি থানার এলাকায় দুষ্কৃতী ধরতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। আহত হয়েছেন আরও দুজন। হুগলি জেলা র চন্ডীতলা এলাকাতেও আক্রান্ত হয় এক পুলিশ অফিসার ।












Click it and Unblock the Notifications