জুয়ার আসরে হানা দিয়ে আক্রান্ত খোদ পুলিশ
জুয়ার আসরে হানা দিয়ে আক্রান্ত খোদ পুলিশ
জুয়ার আসরে হানা দিয়ে আক্রান্ত হল পুলিশ। আহত হয়েছেন দুই পুলিশ আধিকারিক সহ তিন জন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মথুরাপুর গ্রামের এই ঘটনাতে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। গুরুতর আহত এ এস আই প্রশান্ত প্রামানিককে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। বাকি দুজনের চিকিত্সা চলছে বর্ধমানে।
জানা গিয়েছে যে মথুরাপুরে জুয়ার আসর বসেছে এই খবর পাওয়ার পর বুধবার রাতে মন্তেশ্বর থানার ও সি সৈকত মন্ডলের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় পুলিশ পৌঁছাতে এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে জুয়ারিরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
এদিকে এলাকার লোকজন দাবি করেছেন যে পুলিশ এসে জুয়া খেলা বন্ধ করার নামে তান্ডব চালায়। তার জন্য ক্ষেপে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় লোকজন।
পরে আরও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এগারো জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনাতে।












Click it and Unblock the Notifications