তৃণমূল অফিসে ভয়াবহ বিস্ফোরণে ধৃত ৭! শাসকদলের নেতার খোঁজে পুলিশ
বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল পার্টি অফিসে সোমবার সকালে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।
বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল পার্টি অফিসে সোমবার সকালে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। অন্যদিকে, এই ঘটনায় এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী শেখ কালোর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল।

বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল অফিসে বিস্ফোরণের পর জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করেছিলেন, ঝাড়খণ্ড থেকে বিজেপি কর্মীরা গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে এই ঘটনার কড়া সমালোচনা করা হয়েছিল। যখন জানতে পারছেন ঝাড়খণ্ড থেকে বিজেপির কর্মীরা ঢুকছে, তখনই কেন ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নও তোলা হয়। ঘটনায় আদৌ সঠিক তদন্ত করা হবে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে বিরোধীদের তরফে।
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কাঞ্চন অধিকারী দলীয় অফিসে বোমা মজুতের ফলেই যে বিস্ফোরণ তা স্বীকার করে নিয়েছিলেন। অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষের অভিযোগ, তাঁর ওপর হামলা করতেই দলীয় অফিসে বোমা মজুত করা হয়েছিল। এক্ষেত্রে শেখ কালোর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এই শেখ কালো এতটাই প্রভাবশালী যে বিস্ফোরণ হওয়া পার্টি অফিসের জায়গায় জায়গায়, নিজের ফোন নম্বর দিয়ে রেখেছিল। সেই ওই পার্টি অফিস তৈরি করেছিল বলে স্থানীয় সূত্রে দাবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা ছাড়াও খয়রাশোল ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ কালোকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। সেই মামলায় শেখ কালো ফেরার বলেই দেখানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications