মুনমুন সেনের বাড়িতে 'তাণ্ডব', পুলিশের জালে ৪
মুনমুন সেনের বাড়িতে 'তাণ্ডব', পুলিশের জালে ৪
বাঁকুড়ার প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেনের (moon moon sen) বাড়িতে হামলার অভিযোগ। শনিবার রাতে এই হামলা (attack)) চালানো হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতেই চারজনকে পুলিশ (police) গ্রেফতার করে। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে, ব্যক্তিগত ৫০০ টাকার বন্ডে মুক্তি দেওয়া হয় অভিযুক্তদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার রাত ১১ টা নাগাদ। সেই সময় হঠাৎই তৃণমূলের প্রাক্তন সাংসদের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে জনা দশের দুষ্কৃতী। সেই সময় বাড়িতে থাকা মুনমুন সেনের পরিচারকরা বাধা দেওয়ার চেষ্টা করেন। যদিও সেইসব পরিচারকদের অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ। এমন কী তাঁদের গায়ে হাতও দেওয়া হয়। পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই মারধরে আহত হন তিন পরিচারক শঙ্কর, কার্তিক এবং বুদ্ধ।
জানা গিয়েছে, চেঁচামেচি শুনেই বাইরে বেরিয়ে আসেন মুনমুন সেন। তিনিই বালিগঞ্জ থানায় ফোন করে ঘটনার কথা জানান। সঙ্গে সঙ্গে পুলিশ যায়। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন তৃণমূল সাংসদ।
মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে পদ্মপুকুর-চক্রবেড়িয়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হল, রোহিত রাম (২৪), বান্টি নস্কর (২১), রোহন রাম (১৯) এবং বিশাল নস্কর (১৮)। ধৃতদের থেকে হামলার কারণ জানার চেষ্টা করে পুলিশ। পিছনে অন্য কেউ আছে কিনা তাও জানার চেষ্টা করে পুলিশ। পুলিশের তরফে আলিপুর আদালতে ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানানো হলেও, বিচারক সবাইকেই জামিন দেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে বেদান্ত নামে এক ব্যক্তি প্রথমে মুনমুন সেনের বাড়িতে ঢুকে পড়েন। তাঁকে তাড়া করে আসা বাকিরাও পিছনে পিছনে ঢুকে পড়ে। আর তারপরেই প্রাক্তন সাংসদের পরিচারকদের সঙ্গে বচসা, সেই থেকে মারামারি। তবে এই ঘটনার জেরে মুনমুন সেন যে অভিজাত আবাসনে থাকেন সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।
প্রসঙ্গত ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে মুনমুন সেন তৃণমূলে যোগ দেন। বাঁকুড়ার দীর্ঘদিনের সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়াকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুনমুন সেনকে তাঁর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন এবং সাফল্য পান। ২০১৯-এ তাঁকে আসানসোল থেকে টিকিট দেওয়া হয়। কিন্তু বাবুল সুপ্রিয়র কাছে তিনি হেরে যান। সেই সময়েই তিনি জানিয়ে দেন, আর রাজনীতি করবেন না। ২০২০-র শেষের দিকে করোনায় আক্রান্ত হয়েছিল এই অভিনেত্রী। করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর স্বামী ভরত দেববর্মাও। পরে সুস্থও হয়ে ওঠেন তাঁরা।












Click it and Unblock the Notifications