বেতন না মেলায় এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ গাড়ির চালকের বিরুদ্ধে। সেই মারের কারণে মৃত্যু হয়েছে চিকিৎসকের স্ত্রীর। মৃতের নাম মৌসুমী নাগ। বয়স ৬২ বছর । তাঁর স্বামী, চিকিৎসক সুব্রত নাগ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি । পুলিশ এই ঘটনার জেরে গাড়ি চালক তপন দাসকে গ্রেফতার করেছে । সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বর্ধমান শহরে খাসবাগান এলাকায় ।
জানা গিয়েছে, তপন সোমবার মৌসুমী নাগের কাছে গিয়ে বেতন চেয়ে বলে, তার টাকার দরকার, তাই তখনই বেতন দিতে হবে । মৌসুমী নাগ তাঁকে বলে যে এখন মাসের শেষ। তাই ১ তারিখ বেতন দিতে পারবেন। তপন দাস আবার টাকার কথা বললে মৌসুমী নাগ তাঁকে তাঁর স্বামীর কাছে পাঠান। সুব্রত নাগ একই কথা বলেন । এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন তপন দাস রেগে গিয়ে তাদের দুজনকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ । দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৌসুমী নাগকে মৃত বলে ঘোষণা করা হয় । আর চিকিৎসক সুব্রত নাগ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি । পুলিশ জানিয়েছে, তপন দাসকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ।