srijato banerjee: কবি শ্রীজাত ডেঙ্গি আক্রান্ত, পুজোতে ৯ হাজার পজিটিভ, রেকর্ড সংক্রমণ রাজ্যজুড়ে
কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবার ডেঙ্গি আক্রান্ত হলেন। দিন কয়েক ধরেই জ্বর ছিল কবির। রক্ত পরীক্ষার পর দেখা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আরও আতঙ্কের খবর আছে। কারণ, রাজ্যজুড়ে আরও চওড়া হয়েছে ডেঙ্গির থাবা। পুজোর মরসুমে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর এসেছে।
মঙ্গলবার বিকেলে খবর পাওয়া গিয়েছে কবি ও সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি আক্রান্ত। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই খবরে কবির গুণমুগ্ধরা যথেষ্ট দুশ্চিন্তায়। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন ঘাবড়ানোর কিছু নেই৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন কবি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনকও নয়।

এদিকে রাজ্যে ডেঙ্গি কমার কোনও নামই নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামছে রাজ্যের। বর্ষাকালও আনুষ্ঠানিক বিদায় নিয়েছে। কিন্তু ডেঙ্গি বিদায়ের কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। বরং অক্টোবর শেষে আরও চওড়া হয়েছে ডেঙ্গির থাবা। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে তথ্য প্রকাশ হয়েছে। দেখা গিয়েছে, ডেঙ্গি এই কয়েক দিনে ভয়াবহ আকার নিয়েছে।
তথ্য জানাচ্ছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত মোট ৯ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, অন্যান্য বছরে অক্টোবর মাসে ডেঙ্গির দাপট কিছুটা হলেও কমে যায়। এত সংখ্যক মানুষ আক্রান্ত হন না। এবার এই সংখ্যা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
শীতের শুরুতেও কীভাবে ডেঙ্গি এমনভাবে ছড়াচ্ছে রাজ্যে? তাহলে কি গোটা শীতকালেই ডেঙ্গির হানা এবার লেগে থাকবে? সেই প্রশ্নও উঠেছে। রাজ্য স্বাস্থ্য দফতর জানাচ্ছে, আক্রান্ত হওয়াই নয়। প্রচুর মানুষ সুস্থ হয়ে ফিরছেনও। স্বাস্থ্য দফতরের আশা আর দিন কয়েকের মধ্যেই ডেঙ্গি নিয়ন্ত্রণে চলে আসবে।
এদিকে রাজ্যে ডেঙ্গির বলি হলের আরও একজন। এবার ডেঙ্গির বলি হাওড়ার যুবক। অতীশ কুমার সিং (২৭) নামে ওই যুবক জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এদিন ক্ষোভ উগরে দেন হাওড়া পুরনিগমের বিরুদ্ধে। নীতু সিংয়ের পর অতীশ সিং। মাত্র ৫ দিনের ব্যবধানে ডেঙ্গিতে ফের মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ায়।












Click it and Unblock the Notifications