অনুপ্রবেশ ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে, কেন্দ্রের টাকা লুঠের অভিযোগ, বাংলায় ক্ষমতা দখলেও আত্মবিশ্বাসী মোদী
মালদহের জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন না হওয়ার অভিযোগ নিয়েও তিনি সরব হলেন।
বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী মোদী। তিনি এদিন টিএমসিকে "সংবেদনহীন ও নির্মম" বলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের পাঠানো গরিবদের জন্য বরাদ্দকৃত অর্থ তৃণমূল কংগ্রেসের নেতারা "লুঠ" করছেন।

প্রধানমন্ত্রী বলেন, "আমি চাই বাংলার প্রতিটি গরিব পরিবারে নিজস্ব পাকা বাড়ি হোক। যাঁরা যোগ্য তাঁরা বিনামূল্যে রেশন পান। কেন্দ্রীয় সরকারের গরিবদের জন্য শুরু করা কল্যাণমূলক প্রকল্পের সম্পূর্ণ সুবিধা আপনাদের কাছে পৌঁছাক। কিন্তু তা হচ্ছে না। এখানকার টিএমসি সরকার অত্যন্ত সংবেদনহীন এবং নির্মম। কেন্দ্র সরকার গরিবদের জন্য যে টাকা পাঠায়, তা টিএমসি নেতারা লুঠ করে নিচ্ছে।"
উন্নত দেশগুলোর দৃষ্টান্ত টেনে তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদী বলেন, "বাংলার সামনে একটি বড় চ্যালেঞ্জ হলো অনুপ্রবেশ। বিশ্বে অনেক উন্নত ও সমৃদ্ধ দেশ রয়েছে, যেখানে অর্থের অভাব নেই, তারাও অনুপ্রবেশকারীদের সরাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের সরানো খুব জরুরি।"
তবে প্রধানমন্ত্রী কোনও দেশের নাম না করলেও, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী বিতাড়নে সক্রিয় ছিল। সম্প্রতি, ওয়াশিংটন ডিসি জনকল্যাণের অপব্যবহারের আশঙ্কায় পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে।
ওডিশা, ত্রিপুরা, অসম ও বিহারে বিজেপির বিজয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেন, পূর্বাঞ্চলীয় ভারত "বিভাজনমূলক রাজনীতি" পরিত্যাগ করে বিজেপিকে বেছে নিচ্ছে। তিনি বলেন, "দশক ধরে পূর্বাঞ্চলীয় ভারতকে যারা বিভাজনমূলক রাজনীতি করত, তারা বন্দি করে রেখেছিল। বিজেপি এই রাজ্যগুলোকে তাদের কবল থেকে মুক্ত করেছে। ওডিশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করেছে। ত্রিপুরা বহু বছর ধরে বিজেপির ওপর আস্থা রেখেছে। অসমেও সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিজেপির প্রতি আস্থা ও বিশ্বাস দেখা গিয়েছে। আর বিহার আবারও বিজেপি-এনডিএ সরকারকে বেছে নিয়েছে।"
তিনি যোগ করেন, "এবার বাংলার সুশাসনের পালা। বিহার নির্বাচনের জয়ের পর আমি বলেছিলাম যে, মা গঙ্গার আশীর্বাদে বাংলাতেও উন্নয়নের ধারা বইবে, আর বিজেপিই তা সম্ভব করবে।" পরিবর্তনের ডাক দিয়ে তিনি এদিন বেঁধে দিলেন নতুন স্লোগানও। মোদী বলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।












Click it and Unblock the Notifications