বাংলায় মহা জঙ্গলরাজের অবসান ঘটানোর ডাক দিলেন মোদী, অনুপ্রবেশ ইস্য়ুতেও তোপ তৃণমূলকে
ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের সাহায্য করে "জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা" করছে। পশ্চিমবঙ্গে "মহা জঙ্গলরাজ" শেষ করা জরুরি, যাতে উন্নয়ন ও সুশাসন আসে। সিঙ্গুরে আজ এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও অভিযোগ করেন যে, সীমান্ত বেড়ার মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করতে রাজ্য সরকার "ব্যর্থ" হয়েছে।

প্রধানমন্ত্রী দাবি করেছেন, "টিএমসি জাতীয় নিরাপত্তা নিয়ে খেলছে। তারা অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে কারণ তারা তাদের ভোটব্যাঙ্ক বলে মনে করে।" তিনি বলেন যে, ভুয়ো নথি ব্যবহার করে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত। মোদী অভিযোগ করেন, "গত কয়েক বছর ধরে কেন্দ্র সীমান্ত বেড়ার জন্য জমি চেয়ে টিএমসি সরকারের কাছে চিঠি লিখেছে, কিন্তু রাজ্য সরকার কিছুই করেনি।"
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে, টিএমসি এমন গোষ্ঠীগুলিকে "সাহায্য" করছে যারা বাংলায় অনুপ্রবেশকারীদের বসতি স্থাপনে সহায়তা করে। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য থেকে "অবৈধ অভিবাসীদের নির্মূল" করবে। এদিনের সমাবেশে তিনি বলেন, "বিজেপিকে আপনাদের ভোট বাংলায় অনুপ্রবেশকারীদের নির্মূল করতে সাহায্য করবে।" এই সুযোগে তিনি রাজ্যে "ডাবল-ইঞ্জিন সরকার"-এর পক্ষে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ক্ষমতায় পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিএমসি-র "মহা জঙ্গলরাজ" শেষ করে সুশাসনের জন্য বিজেপি সরকার আনা জরুরি। তিনি বলেন, "বাংলায় বিজেপির ডাবল-ইঞ্জিন সরকার থাকা আবশ্যক, কারণ এটি উন্নয়নে গতি আনবে।" রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দলের ওপর তীব্র আক্রমণ শানিয়ে মোদি অভিযোগ করেন যে, রাজ্যে "দাঙ্গাবাজ এবং টিএমসি-র 'সিন্ডিকেট রাজ' অবাধে চলছে"।
তিনি আরও যোগ করেন, "বিজেপি সরকার এই পরিস্থিতির অবসান ঘটাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই তবে বাংলায় শিল্প ও বিনিয়োগ আসবে।" মোদী বলেন, সন্দেশখালিতে জমি দখল এবং ধর্ষণের মতো ঘটনা যাতে আর না ঘটে এবং দুর্নীতির কারণে শিক্ষকরা যাতে চাকরি না হারান, তা নিশ্চিত করতে জনগণকে ভোট দিতে হবে।












Click it and Unblock the Notifications