এবার 'প্লাস্টিকের ডিম' মিলল অঙ্গনওয়াড়ির মিড ডে মিলে, চাঞ্চল্য কোচবিহারে
কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় ছড়িয়ে পড়েছে প্লাস্টিকের ডিম। নানা জায়গা থেকে রিপোর্ট উঠে আসছে। চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। আর এবার শিশুদের জন্য নির্ধারিত অঙ্গনওয়াড়ির মিড ডে মিলেও পাওয়া গেল প্লাস্টিকের ডিম
দিনহাটা, ২ এপ্রিল : কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় ছড়িয়ে পড়েছে প্লাস্টিকের ডিম। নানা জায়গা থেকে রিপোর্ট উঠে আসছে। চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। আর এবার শিশুদের জন্য নির্ধারিত অঙ্গনওয়াড়ির মিড ডে মিলেও পাওয়া গেল প্লাস্টিকের ডিমের অস্তিত্ব।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার একটি অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে। সেখানেই শিশুদের খাবারের সঙ্গে প্লাস্টিকের ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসার পরই কোচবিহার জেলা প্রশাসনের তরফে নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রোজের মতো এদিনও শিশুদের খিচুরি ও সঙ্গে আস্ত ডিমসেদ্ধ দেওয়া হয়েছিল। তা নিয়ে অনেকে বাড়িও চলে গিয়েছে। তার মধ্যেই এক শিশুর দিদা তাকে নিয়ে খাবার এনে বাড়িতে নাতনিকে খাওয়াতে যান।
খিচুরি দেখে কিছু সন্দেহ হয়নি। তবে ডিম ভাঙতেই ভিতরে কালো কালো ছোপ লক্ষ্য করেন মহিলা। ডিম নিয়ে যা চলছে তাতে তাঁর সন্দেহ হওয়ায় আশপাশের লোককে ডেকে তিনি সেদ্ধ ডিমটি দেখান। এরপরে স্থানীয় বাসিন্দারাই ডিমের সাদা অংশ আগুনে পোড়ালে পোড়া গন্ধ নাকে আসে।
সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হয়। অঙ্গনওয়ারি কেন্দ্রের যে মহিলা রাঁধেন, তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রোজকার মতো এদিনও ডিম সেদ্ধ করেছেন। বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারেননি।
আর এভাবেই একের পর এক প্লাস্টিকের ডিমের ঘটনা নানা জেলা থেকে উঠে আসছে। সরকারি তরফে কঠোর মনোভাবের কথা বলা হলেও এর জাল কতদূর ছড়িয়ে রয়েছে সেটাই এখন প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।












Click it and Unblock the Notifications