করোনার সেকেন্ড ওয়েভের ইঙ্গিত! আগেভাগে সতর্ক হল পশ্চিমবঙ্গ সরকার
করোনার সেকেন্ড ওয়েভের ইঙ্গিত! আগেভাগে সতর্ক হল পশ্চিমবঙ্গ সরকার
নতুন করে ফের বাড়ছে করোন সংক্রমণ! করোনার নয়া স্ট্রেন নিয়ে বাড়ছে চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ভারতে করোনা সেকেন্ড ওয়েভ আসতে চলেছে।
আর এখন থেকেই এই বিষয়ে সতর্ক না হলে আগামিদিনে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা। সেদিকে তাকিয়ে গত কয়েকদিন আগেই জরুরি বৈঠক করেছে প্রধানমন্ত্রীর দফতর। কীভাবে করোনার সেকেন্ড ওয়েভ থেকে দেশবাসীকে বাঁচানো যায় সেবিষয়ে আগে থেকেই সতর্কমূলক ব্যবস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। ইতিমধ্যে একাধিক রাজ্যকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

ঝুঁকি নিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থতি। ট্রেন, বিমান পরিষেবাও স্বাভাবিক। প্রত্যেকদিন বহু মানুষ ভিন রাজ্য থেকে বাংলায় আসছেন। সেখানে করোনার ঝুঁকি রয়েই গিয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে সে রাজ্যে নতুন করে লকডাউন জারির সম্ভাবনাও তৈরি হয়েছে। এই অবস্থায় কোনও ঝুঁকি নিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। তাই আগাম সতর্কতা নিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে বিশেষ আবেদন জানিয়ে চিঠি দিল রাজ্য। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সচিবের পক্ষ থেকে কেন্দ্রকে একটি চিঠি দেওয়া হয়েছে।

কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক
কেন্দ্রকে দেওয়া চিঠিতে রাজ্যের তরফে জানানো হয়েছে যে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা এই চার রাজ্য থেকে আসা যাত্রীদের কাছে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকে। নতুন করে সংক্রমণ বাড়ার ক্ষেত্রে এই চার রাজ্যের নাম প্রথম সারিতে রয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই চার রাজ্য থেকে কলকাতায় আসতে গেলে বিমানে ওঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই যাতে যাত্রীরা বিমানে উঠতে পারেন, এমনই আবেদন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রের তরফে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি বলে জানা গিয়েছে।

এক নজরে করোনার আপডেট
বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০২। মঙ্গলবার যা ছিল ১৮৯। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন সুস্থ হয়েছেন ২২১ জন। এদিন মঙ্গলবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৬২ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭. ৬৩% ।

নতুন করোনা স্ট্রেনের খোঁজ দেশের একাধিক রাজ্যে
নতুন করোনা স্ট্রেনের দেখা মিলেছে কেরল, মহারাষ্ট্রের মতো করোনা তালিকায় শীর্ষে থাকা রাজ্যগুলিতেও। যদিও এর সঙ্গে নতুন করে সংক্রমণ বৃদ্ধির কোনও যোগ নেই বলে দাবি করলেন নীতি আয়োগের অন্যতম প্রধান সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভি.কে. পাল।মঙ্গলবারই তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণী রাজ্য কেরলে মোট সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৫ হাজার ৭৫২। মহারাষ্ট্রে ৫৪ হাজার ৩০৬। যা বর্তমানে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যার প্রায় ৭৫ শতাংশ। আর এখানেই বাড়ছিল উদ্বেগ। অনেকেই মনে করেন নব স্ট্রেনের আগমণের জেরেই এই দুই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমনকী বাংলার ক্ষেত্রেও দ্বিতীয় পর্যায়ে বড়সড় করোনা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য আধিকারিকেরা।












Click it and Unblock the Notifications