সিঙ্গুরে কৃষকদের হাতে নির্দিষ্ট সময়ে জমি তুলে দিতে পরিদর্শনে পার্থ চট্টোপাধ্যায়
হুগলি, ১৩ অক্টোবর : পুজো কাটতেই নজরে সিঙ্গুর। ২১ অক্টোবরের মধ্যে কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়া হবে বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথামতো কাজ শেষ করতে বৃহস্পতিবারই সিঙ্গুর পরিদর্শনে গেলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ও গেলেন সিঙ্গুরে।
দেশের শীর্ষ আদালত সিঙ্গুরের টাটা প্রকল্পের জমি ফেরত নিয়ে যে ঐতিহাসিক রায় দিয়েছিল, সেখানে বলা হয়েছিল চার মাসের মধ্যে জমি ফেরত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক যুদ্ধ জিতে চটজলদি কৃষকদের হাতে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেন। কিন্তু বাধ সাধে টাটা প্রকল্প এলাকার জমি। প্রকল্প এলাকায় শেড ভাঙা নিয়ে খানিক চাপানউতোর সৃষ্টি হয়।

টাটা-রা তাঁদের শেড ভেঙে নেবেন কি না, তা নিয়ে মৌখিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী বিলম্ব না করে সরকারি তরফেই শেড ভাঙার কাজ শুরু করে দেন। সেই শেড ভেঙে জমিকে চাষযোগ্য করে তুলতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২১ অক্টোবর জমি ফেরতের সময়সীমা ধার্য করা হয়।
সেইমতো ২১ অক্টোবরের মধ্যে জমি ফেরত দিতে দেরি না করে পার্থবাবু কাজের তদারকি শুরু করে দিলেন পুজো কাটতেই। যদিও সুপ্রিম কোর্টের নির্ধারিত সময় এখনও একমাস দূরে।












Click it and Unblock the Notifications