তবে কি শেষে তৃণমূলেই ফিরছেন শোভন! বৈশাখীর সঙ্গে বৈঠকের পর কী বললেন পার্থ
তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পর থেকেই চর্চা শুরু হয়েছিল।
তবে কি ফের তৃণমূল কংগ্রেসেই ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পর থেকেই চর্চা শুরু হয়েছিল। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর থেকে জল্পনার পারদ চড়তে থাকে হু-হু করে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, বৈশাখীর সঙ্গে শোভনের ব্যাপারেও কথা হয়েছে তাঁর।

পার্থ-বৈশাখীর আলোচনায় সাম্প্রতিক রাজনীতি
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৈশাখী একজন অধ্যাপিকা। তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেই পারেন। তবে বৈশাখীর সঙ্গে আলোচনা হয়েছে রাজনীতি নিয়েও। এ কথা স্বীকার করেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর বলেন, তিনি তো শিক্ষামন্ত্রী নন, তৃণমূলের মহাসচিবও। সুতরাং রাজনীতি নিয়ে কথা হবে না তা হয় নাকি!

শোভনকে নিয়ে আলোচনা প্রসঙ্গে পার্থ
তাহলে কি কথা বলেছেন শোভন প্রসঙ্গেও? পার্থ চট্টোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, হ্যাঁস শোভন দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছে। তাঁর কথা জানতে চেয়েছি। দলে ছেড়ে অন্য দলে গিয়েছে বলে যে তাঁর সুস্থতা কামনা করব না, এমন সংস্কৃতি আমাদের দলে নেই। পার্থর এহেন মন্তব্যের পর চর্চা আরও বেড়েছে শোভনকে নিয়ে।

পার্থর বাড়িতে বৈশাখীর যাওয়ার নেপথ্যে
শোভন ও বৈশাখী একসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন বৈশাখী। যখন বিজেপিতে যাওয়ার পর থেকেই নানা বিতর্ক লেগে রয়েছে। তারপর বৈশাখীর এই যাওয়ার পিছনে অনেক কিছু কারণ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

বিজেপি-শোভন বিরোধে চর্চা তুঙ্গে
বিজেপিতে নাম লেখানোর পরও শোভনকে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি। তিনি নিজেকে গুটিয়েই রেখে দিয়েছেন। বৈশাখীকে নিয়ে বিজেপিতে বিরোধ তৈরি হওয়ায় শোভনও নিজেকে সরিয়ে নিয়েছেন। এই অবস্থায় শোভনকে দায়িত্ব দিতে চাইলেও তা এড়িয়ে গিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র।

তৃণমূলে ফেরার পথ প্রশস্ত করতেই কি
উল্লেখ্য, শোভন-বৈশাখীকে নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে বিজেপিতেও। এমনকী শোভন বিজেপিতে য়োগ দেওয়ার পরই দল ছাড়তে চেয়েছিলেন। কৈলাশ বিজয়বর্গীয়কে সেই মর্মে জানিয়েছিলেন তিনি। তবে্ তৃণমূলে ফেরার পথ আপাত দৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ায় শোভন কোনও পদক্ষেপ নেননি। এখন বৈশাখীকে দিয়ে ফের তৃণমূলে ফেরার পথ প্রশস্ত করতেই কি এই পদক্ষেপ? আলোচনা চলছে সর্বত্রই।












Click it and Unblock the Notifications