Abhishek Banerjee: ১৪ মাসে পার্থ চট্টোপাধ্যায় কী বিচার পেলেন? প্রশ্ন তুললেন অভিষেক
Abhishek Banerjee On Partha Chatterjee: রাজ্যের একসময়ের শিক্ষামন্ত্রী তথা শাসক দলের প্রথম সারির নেতা তৃণমূলের কাছে রাতারাতি অতীত হয়ে গিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি আর তাঁর বান্ধবীর বাড়ি থেকে পাহাড় প্রমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) নিজে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন পার্থকে (Partha Chatterjee) সাসপেন্ড করার কথা।
১৪ মাস পর সেই অভিষেক প্রশ্ন তুললেন, কেন ন্যয়বিচার পেলেন না পার্থ? দলের পদ গিয়েছে, মন্ত্রিত্বও গিয়েছে। ১৪ মাস জেল হেফাজতে কেটে যাওয়ার পরও বারবার পার্থর গলায় শোনা গিয়েছে তৃণমূলের জয়গান। আদালতে গিয়ে পার্থও একাধিবার প্রশ্ন তুলেছেন, এতদিন জেলে থাকার পরও কেন বিচার হচ্ছে না? আর আজ সেই একই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন অভিষেক। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ফের একবার কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তুলোধনা করেন। কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই দাবির স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে অভিষেক বলেন, "কে বিচার পেয়েছে? ১৪ মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বলুন তো কী সুরাহা হয়েছে? কে পেয়েছে ন্যয়বিচার?"
শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, সারদা কর্তা সুদীপ্ত সেনের প্রসঙ্গও এদিন শোনা গিয়েছে অভিষেকের মুখে। ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, যাঁদেরকে টাকা নিতে দেখা গিয়েছে ভিডিয়োতে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওযার কথা বলে না আদালত। যাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন বিচারপতি।
উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস-এর নাম নিয়োগ দুর্নীতিতে জড়ানোর পরই নতুন করে সামনে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন ওই সংস্থার সিইও হওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এরপরই তলব করা হয় অভিষেককে। সেই মতো আজ সকাল ১১ টায় দফতরে পৌঁছে যান অভিষেক।












Click it and Unblock the Notifications