তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন মুকুলের ব্যক্তিগত ব্লান্ডার, ‘বন্ধু’ সম্বোধনে নিশানা পার্থর
একটা সাধারণ ঘরের ছেলে রেলমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা করেছেন বলেই তা সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নিলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না।
তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মুকুল রায়ের ব্যক্তিগত ব্লান্ডার। ফের তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মুকুল রায়কে একহাত নিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার মুকুল রায়কে আক্রমণ করে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরালে তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধু ব্যক্তিগত ব্লান্ডার করলে কী আর বলব!'

তিনি এদিন আরও বলেন, 'একটা সাধারণ ঘরের ছেলে রেলমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা করেছেন বলেই তা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, মুকুল রায়কে তিনি সর্বভারতীয় সম্পাদকের পদে বসিয়েছেন। আবার সর্বভারতীয় সহ সভাপতিও করেছেন। এরপরও তিনি ক্ষমতা চান। আরও ক্ষমতার মোহে কেউ যদি দল ছাড়ে সেখানে বলার কিছু নেই।'
সেইসঙ্গে পার্থবাবু বলেন, 'দল ভাঙানো এত সহজ নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ দিয়ে দলটাকে তৈরি করেছেন। তাঁর সংগ্রামের একটা ইতিহাস রয়েছে। মমতা ইতিহাস তৈরি করতে পারেন। তাই মমতা ছাড়া এই দলটার কোনও অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না মুকুল রায়কেও।'
একদা দলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায়। তা থেকে তিনি গুরুত্ব হারাতে হারাতে একেবারে সাধারণ সৈনিকে পরিণত হন। বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ বাড়তে থাকে। দলে কোণঠাসা হতে শুরু করেন মুকুল রায়। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় একে একে সমস্ত পদ।
শেষপর্যন্ত পুজোর আগেই দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। কোর কমিটির সদস্য পদ ছেড়ে দেন। ঘোষণা করেন পুজোর পরই তিনি জানাবেন কী কারণে তিনি দল ছাড়ছেন। রাজ্যসভার সাংসদ পদ থেকেই তিনি ইস্তফা দেবেন বলে ঘোষণা করে দেন। সেইসঙ্গে দলের প্রাথমিক পদও ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন।
এরপরই পার্থ চট্টোপাধ্যায় দল থেকে ছ-বছরের জন্য বহিষ্কার করেন মুকুল রায়কে। এরই মধ্যে একদা সতীর্থ দুই নেতার মধ্যে বাকযুদ্ধও বাধে। পার্থ চট্টোপাধ্যায়কে বাচ্চা ছেলে বলে মন্তব্য করেন মুকুল রায়। পাল্টা মুকুল রায়কে বুড়ো ভাম বলে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। এরপর আবার মুকুল রায়কে একহাত নিয়ে আক্রমণ করলেন দলের মহাসচিব।












Click it and Unblock the Notifications