Partha Chatterjee: ইডির পর সিবিআইয়ের মামলাতেও মিলবে জামিন? পার্থকে নিয়ে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে ইডির (ED) করা মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার কি সিবিআইয়ের (CBI) করা মামলাতেও জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta HC) তৃতীয় বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিনের (Bail Plea) আবেদনের মামলার শুনানি হল। যদিও রায়দান স্থগিত রাখলেন বিচারপতি।
পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহের জামিন নিয়ে জটিলতা অব্যাহত। সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই পাঁচ জন। জামিনের আবেদন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। ফলে তৃতীয় বেঞ্চ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে হল শুনানি।

আদালতে সিবিআই জানায়, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ওই পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। কিন্তু সামগ্রিক ভাবে দুর্নীতির (Recruitment Scam) তদন্ত চলছে। এরা এখনও প্রভাবশালী বলে হাইকোর্টে সওয়াল সিবিআইয়ের (CBI)।
ওই পাঁচজন এতটাই প্রভাবশালী যে তাঁদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করতে রাজ্য সরকার প্রয়োজনীয় অনুমতি পর্যন্ত দিচ্ছে না বলে দাবি সিবিআইয়ের। যদিও বিচারপতি জানিয়ে দেন, ট্রায়ালের সঙ্গে জামিনের (Bail) সম্পর্ক নেই।
প্রসঙ্গত, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ইডির করা মামলায় ৩১ ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতকে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্ব মিটিয়ে ফেলতে হবে। সময়সীমা নির্দিষ্ট করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে সব প্রক্রিয়া শেষ হলে ইডির মামলায় জামিন পাবেন পার্থ চ্যাটার্জি।
গত ২০২২ সালের ২৩ জুলাই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকার পাহাড়। চলতি বছরের ১ অক্টোবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ফের গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে।
সেই ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার কি সিবিআইয়ের করা মামলাতেও জামিন পাবেন তিনি? সেক্ষেত্রে নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে পেরেন পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications