স্বামীজির জন্মদিন পালনের জন্য পতাকার কী প্রয়োজন, বিজেপিকে সু-‘পরামর্শ’ দিলেন পার্থ
রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টিই বিজেপির মূল উদ্দেশ্য, স্বামীজির জন্মদিন উদযাপন নয়। কেননা স্বামীজির জন্মদিন পালন করতে পতাকার কোনও প্রয়োজন নেই। প্রয়োজন ভক্তির।
স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের জন্য কেন পতাকার প্রয়োজন? রাজ্যে বিজেপির সংকল্পযাত্রাকে এক হাত নিয়ে প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টিই বিজেপির মূল উদ্দেশ্য, স্বামীজির জন্মদিন উদযাপন নয়। কেননা স্বামীজির জন্মদিন পালন করতে পতাকার কোনও প্রয়োজন নেই। প্রয়োজন ভক্তির।'

পার্থবাবুর অভিযোগ, 'আসলে বিজেপি নেতারা চান, ভাঙচুর করে শিরোনামে উঠতে আর কুৎসা করে সংবাদপত্রে ভেসে থাকতে। তাঁরা এই কাজ করতে গিয়ে ভুলে গেলেন যে, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই পুণ্যদিনকেই তাঁরা কালিমালিপ্ত করে দিলেন। এই ঘটনায় নিন্দার ভাষা নেই।'
তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, 'এর আগে দীনদয়াল উপাধ্যায়কে তাঁরা বিবেকানন্দের সঙ্গে একই বন্ধনীতে রাখতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলাম আমরা। পরে বিবেকানন্দের জন্মদিন পালনের জন্য ওই দল রাজনীতির স্বার্থেই উদ্বেল হয়ে ওঠে। কিন্তু স্বামীজির জন্মদিন উদযাপন নয়, শক্তি প্রদর্শনই তাঁদের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।'
তিনি বলেন, 'রামকে সামনে রেখে তাঁরা অস্ত্র মিছিল করেছিলেন। এবার বিবেকানন্দের জন্মদিনকে তাঁরা বেছে নিলেন শক্তি প্রদর্শনের জন্য। ধর্মের শুড়শুড়ি দিয়ে দাঙ্গা বাধানোর চেষ্টাই তাঁদের মূল উদ্দেশ্য। আর তা করতে গিয়ে স্বামীজিকে যেমন অপমান করলেন, এই বিশেষ দিনে রাজ্যে বিশৃঙ্খলাও সৃষ্টি করলেন। বহিরাগতদের নিয়ে এসে মিছিলের নামে হামলা চালিয়েছেন সংবাদপত্রে নাম তুলতে।'
সেইসঙ্গে পার্থবাবু বিজেপিকে পরামর্শ দেন, 'অনেক তো রাজ্যপালের কাছে গিয়েছেন। রোজই যান, এবার মানুষের কাছে যান, শুনুন তাঁরা কী বলছেন।' এদিন বিজেপি সংকল্প যাত্রায় বাইক মিছিলের কর্মসূচি বাতিল করে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসে। এ প্রসঙ্গেও বিজেপিকে শ্লেষ দাগেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'শীতের রোদ্দুরে রোদ খাওয়া ভালো।'
পার্থবাবুর এই কথার প্রত্যুত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'রাজ্য সুশাসন নেই। এই রাজ্য সরকার কোনও নিরাপত্তা দিতে পারে না।' হাইকোর্টে দু-দুবার হেরে এখন প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে তাঁদের বাইক মিছিলে হামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁর।












Click it and Unblock the Notifications