ফের বেতন বাড়ছে, এবার এসএসকে-এমএসকের শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর
প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের পর বেতন বাড়ছে এসএসকে এবং এমএসকে শিক্ষকদেরও। সোমবার স্কুল শিক্ষা দফতরে বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এই বেতন বৃদ্ধির কথা।
প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের পর বেতন বাড়ছে এসএসকে এবং এমএসকে শিক্ষকদেরও। সোমবার স্কুল শিক্ষা দফতরে বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এই বেতন বৃদ্ধির কথা। এদিন আন্দোলনরত এসএসকে এবং এমএসকে সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন পার্থবাবু। তারপর তিনি এই সুখবর দেন। একইসঙ্গে পদমর্যাদা বৃদ্ধির কথাও ঘোষণা করেন তিনি।

কত পাবেন এসএসকে-তে
এতদিন এসএসকের শিক্ষকরা পেতেন ৫,৯৫৪ টাকা। সেই টাকা এ ধাক্কায় বেড়ে হচ্ছে ১০ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ এসএসকে-র শিক্ষকদের বেতন বাড়ছে এক লাফে চার হাজার টাকা, যা প্রায় দ্বিগুণ।

কত বেতন এমএসকে-র
আর এমএসকে-র শিক্ষকদের বেতনও বাড়ছে। তাঁরা পেতেন ৮৯০০ টাকা। সেই টাকা বেড়ে হচ্ছে ১৩ হাজার টাকা। এমএসকে প্রধানরা পাবেন ১৪ হাজার টাকা। দীর্ঘ আন্দোলনের পর এসএসকে ও এমএসকে শিক্ষকদের দাবি মিটল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি তাঁরা।

স্কুল শিক্ষা দফতরের অধীন
শুধু বেতন বৃদ্ধিই নয়, একাধিক অনেক সুযোগ সুবিধাও বাড়ছে এসএসকে-এমএসকে শিক্ষক-শিক্ষিকাদের। এতদিন পঞ্চায়েতের অধীনে ছিলেন তাঁরা। এবার থেকে তাঁরা রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ হলেন।

পদমর্যাদাও বৃদ্ধির সিদ্ধান্ত
তাঁদের পদমর্যাদাও বৃদ্ধি পাচ্ছে এবার। শিক্ষামন্ত্রীর ঘোষণা, এসএসকে-এমএসকে সদস্যরা এবার শিক্ষক বা শিক্ষিকার মর্যাদা পাচ্ছেন। এতদিন তাঁরা সম্প্রসারক বা সহায়ক হিসেবে পরিচিত হতেন। এবার থেকে তাঁরা হলেন শিক্ষক-শিক্ষিকা।












Click it and Unblock the Notifications