পাহাড়ে দল ও প্রশাসন চালানো নিয়ে চ্যালেঞ্জের মুখে বিনয় তামাং, কেন এমন হল
ফের কোন্দল মোর্চার অন্দরে। পদত্যাগ করলেন, কালিম্পং পুরসভার গোর্খা জনমুক্তি কাউন্সিলরদের একাংশ। পদত্যাগীরা জানিয়েছেন, তাঁরা কোনও দলে যোগ দিচ্ছেন না।
ফের কোন্দল মোর্চার অন্দরে। পদত্যাগ করলেন, কালিম্পং পুরসভার গোর্খা জনমুক্তি কাউন্সিলরদের একাংশ। পদত্যাগীরা জানিয়েছেন, তাঁরা কোনও দলে যোগ দিচ্ছেন না।

গোর্খা জনমুক্তি মোর্চা এখন আড়াআড়ি ভাবে দুইভাগ। একদিকে বিমল গুরুং গোষ্ঠী এবং দিকে বিনয় তামাং গোষ্ঠী। বিনয় তামাংকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেও, বিনয় নিজেকে সভাপতি বলেই দাবি করে থাকেন। পাহাড়ের অধিকাংশ এলাকা নিজেদের দখলে আনতে পারলেও কালিম্পং-সহ বেশ কিছু জায়গায় প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল বিনয় তামাং গোষ্ঠীকে। তাই নিজের গোষ্ঠীকে দার্জিলিং ও কালিম্পং পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার নির্দেশ দেন বিনয় তামাং। বিষয়টি নিয়ে বিনয় অনুগামী কাউন্সিলররা চিঠি দেন প্রশাসনকে। এর পরেই ক্ষোভ ছড়ায় মোর্চার অন্দরে।
এরই মধ্যে কালিম্পং পুরসভা থেকে পদত্যাগ করেন মোর্চার কাউন্সিলরদের একাংশ। তাঁদের মধ্যে রয়েছে কালিম্পং-এর বিধায়ক সরিতা রাই, কালিম্পং জেলার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি আর বি ভূজেল, সাধারণ সম্পাদক কুমার তামলিং, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজয় সুনদাস, কল্যাণ দেওয়ান এবং কালিম্পং পুরসভার চেয়ারম্যান শুভ প্রধান। যদিও পদত্যাগীরা জানিয়েছেন কোনও দলেই যোগ দিচ্ছেন না তাঁরা।
দীর্ঘদিন ঘরে এলাকায় গোর্খা জনমুক্তির মোর্চার নেতৃত্বের দেখা না মেলায় কাজে অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছেন পদত্যাগী একাংশ। পাহাড়ের মানুষের নানা প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছিল বলে জানিয়েছেন তাঁরা। কালিম্পং-এর বিধায়ক সরিতা রাই জানিয়েছেন, দলের নেতাদের একাংশের কাজকর্মে অসন্তুষ্ট হয়েই পদত্যাগ। পুলিশি হেফাজতে মৃত বরুণ ভূজেলের প্রতি কোনও সুবিচার তাঁরা করতে পারেননি বলেই জানিয়েছেন মোর্চা নেতৃত্বের এই অংশ।
কালিম্পং-এ মোর্চার নেতৃত্বের একাংশের পদত্যাগের ফলে সঠিকভাবে দল ও প্রশাসন চালানো নিয়ে বিনয় তামাং প্রশ্নের মুখে পড়লেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications