Panchayat Election Results 2023: তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরেছে, লোকসভা ভোট নিয়ে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর
Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটে ধস না নামলেও ফাটল ধরেছে। এটাই যথেষ্ট। এই ফাটল চওড়া করেই লোকসভা ভোটে তৃণমূলকে সবক শেখাতে চান শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম বিধানসভা এলাকাতেও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলিতে ৯৯ শতাংশ ভোট পেয়েছিল, সেইসব জায়গায় সেই পরিমাণ ৬০ শতাংশের আশেপাশে নেমে এসেছে বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতার।

শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নন্দীগ্রামে বন দফতরের অফিসার কাউন্টিং অবজারভার। তাঁকে ফোন করে এক্সটেনশনে থাকা দ্বিবেদী বারবার ফোন করে টিএমসির ফল জানতে চেয়েছেন। কোথাও এভাবে কোনও দল রাজ্য প্রশাসনের মেশিনারি কাজে লাগায় না।
সিদ্ধার্থশঙ্কর রায়, ইন্দিরা গান্ধীরা জরুরি অবস্থা জারি করেও চিরকাল ক্ষমতায় থাকতে পারেননি। বামেরাও ভেবেছিল পাড়ায় পাড়ায় সংগঠন, কমিটিতে ভর করে বছরের পর বছর ক্ষমতায় থাকবে। সেটাও হয়নি। আমি নন্দীগ্রামের ফলে তৃপ্ত নই, তবে সন্তুষ্ট। তৃপ্ত সেদিন হব যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়ব। তৃণমূলের মনে রাখা উচিত চিরকাল সমান যায় না।
শুভেন্দুর হুঁশিয়ারি, সরকার বদল হলেই কমিশন গঠন হবে। সরকারি আধিকারিক, পুলিশ যা করেছেন সব নথি থাকছে, কেউ রেহাই পাবেন না। অবসরের পরও দ্বিবেদীকে টেনে এনে জেল খাটাব। শুভেন্দু আরও বলেন, সাড়ে তিন বছর জেল খাটা কুলাঙ্গার (পড়ুন কুণাল ঘোষ) আইসির চেয়ারে বসে মিটিং করেছেন। সেই ফুটেজ আমাকে থানার লোকেরাই দিয়ে গিয়েছেন।

শুভেন্দু বলেন, আমি যখন বিজেপিতে যাই তখন শুধু হরিপুর গ্রাম পঞ্চায়েত আমার সঙ্গে যোগ দিয়েছিল। প্রধান পদত্যাগ করে তৃণমূলকে চালাতে দেন। তাঁকে এবং মেঘনাদ পালকে জেল খাটানো হয়েছে। ভালো মানুষজনের উপর নির্যাতন চলেছে। এখানে এবার আমরা ৯টি পঞ্চায়েতে জিতেছি। ২টিতে আমাদের সাথীদের নিয়ে বোর্ড গঠন হবে।
বাকি ৬টির মধ্যে তিন থেকে চারটিতে তৃণমূল থেকে যাতে কেউ প্রধান না হতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান শুভেন্দু। তিনি বলেন, এখানে অভিষেক হেঁটেছিলেন, জেলখাটা কুলাঙ্গার নোংরামি করেছেন। আমি চাইব লোকসভা ভোটেও অভিষেক বার ছয়েক আসুন এখানে। তাতে নন্দীগ্রামই যা লিড দেবে, তাতে তমলুক লোকসভা কেন্দ্রে জিতে যাবে বিজেপি।
শুভেন্দুর দাবি, তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল দেখা গিয়েছে। সামসাবাদ, কেন্দামারির মতো সংখ্যালঘু অধ্যুষিত পঞ্চায়েতেও তৃণমূলের জেতার মার্জিন কম। কাঁথি শহর লাগোয়া গ্রামগুলিতে মানুষ ভোট দিতে পেরেছেন একদিনে ভোট হওয়ায়। নাহলে সন্ত্রাস চালানো হতো। সেখানকার মানুষ ঢেলে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছেন।
শুভেন্দু এদিন নন্দীগ্রামে আরও বলেন, কৌশলগতভাবে কয়েকটি পঞ্চায়েত আসনে আমরা না লড়লেও নির্দলকে সমর্থন করেছিলাম। তাঁদের অনেকেও জিতেছেন। সংখ্যালঘু ভোট এখনও বেশিরভাগ তৃণমূলের সঙ্গে থাকলেও ফাটল ধরেছে। এটা চওড়া হবে।

লোকসভা ভোটের আগে সাংগঠনিক ত্রুটি মিটিয়ে ফেলে কাঁথি ও তমলুকে বিজেপি জিতবে বলে নিশ্চিত শুভেন্দু। এমনকী ডায়মন্ড হারবারেও অভিষেক শিক্ষা পাবেন বলে মন্তব্য তাঁর। অভিষেকের টুইটকে পাত্তা না দিয়ে শুভেন্দু বলেন, "মিডিয়ায়ই ওঁকে বাঘছাল পরিয়েছে, তাতে বিড়াল নিজেকে বাঘ ভাবছে! লুম্পেন, ফেরেব্বাজ, গুন্ডার লজ্জা নেই বলে টুইট করছে!"
এদিকে, সর্বশেষ ফলাফল অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে ২২৩টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জিতেছে ১৩২টিতে, বিজেপি ৬৪টিতে, কংগ্রেস একটিতে, ত্রিশঙ্কু ২৬টি, গণনা বাকি ১০ থেকে ১৫টিতে। পঞ্চায়েত সমিতির ১০৮ আসনে তৃণমূল পেয়েছে ৫০টি, কংগ্রেস ২টি।












Click it and Unblock the Notifications