Panchayat Election Results 2023: মমতার ক্ষতিপূরণ ও 'শ্রদ্ধা দিবস'কে কটাক্ষ শুভেন্দুর, সিবিআই-এনআইএ তদন্ত দাবি
Panchayat Election Results 2023: লজ্জা থাকলে আজ সাংবাদিক বৈঠক করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু অধিকারী।
পঞ্চায়েত নির্বাচনে অশান্তিতে নিহত ১৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাকেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর দাবি, ভাঙড়ে হিংসার ঘটনাতেও মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। সবমিলিয়ে ৫০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে মৃতের সংখ্যা। নবান্নে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, দল-মত নির্বিশেষে হিংসার ঘটনায় নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে একজনকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি।
মিডিয়ার একাংশ রাজ্যকে বদনাম করতে মৃতের সংখ্যা বাড়িয়ে বলছে, বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও শুভেন্দু পাল্টা বলেন, তৃণমূলের অনেকে মারপিট করতে এসে মারা গিয়েছেন। আইপ্যাকের তৈরি করে দেওয়া তালিকা অনুযায়ী সেই পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেননি, পারবেন না। উনি তৃণমূল আর গুন্ডাদের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, জয়ের সেলিব্রেশন হবে না একুশে জুলাই। সিপিআইএমের আমল থেকে শুরু করে বিজেপির হাতে আমাদের দলের যাঁরা শহিদ হয়েছেন, সব শহিদদের স্মরণ করে আমরা এবার একুশে জুলাই শ্রদ্ধা দিবস পালন করব। শুভেন্দু বলেন, এ সব কথার মাথা-মুণ্ডু নেই। শহিদদের স্মরণে বিজয় উৎসবও হবে। ওটা পার্টি নয়, কোম্পানি।
শুভেন্দুর কটাক্ষ, একুশে জুলাই কী হবে তা ভাইপোর সঙ্গে বসেই ঠিক করবেন মুখ্যমন্ত্রী। উনি ভাইপোর কথা সরাসরি না বলে নবজোয়ার বলছেন। না হলে জনগণ হাসবে। মিডিয়ার একাংশ বিতর্ক তুলতে পারে। ভাইপোকে পরিবারবাদের সূত্রে প্রতিষ্ঠা করতে চান। সে কারণেই দুর্নীতিগ্রস্ত, চোর ভাইপোকে সার্টিফিকেট দিচ্ছেন।

শুভেন্দু এখানেও না থেমে বলেন, ওণর রিটায়ারমেন্টের সময় হয়ে গিয়েছে। তাই ভাইপোকে প্রজেক্ট করে, তাঁর কাজ সমর্থন করে, চুরিকে মান্যতা দেওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন। রাজ্যকে দেউলিয়া করেছেন। দেওয়ার কিছু নেই। এত মানুষের মৃত্যু হলো। ১ মাস কালা দিবস পালন করা উচিত।
এত বোমা, গুলি কোথা থেকে এলো, কেন এত মৃত্যুর ঘটনা ঘটল তার তদন্ত করার ভার সিবিআই, এনআইএকে দেওয়া উচিত। এই মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাঁড় রাজীব সিনহার। সঙ্গে চাকর সঞ্জয় বনশল আইপ্যাকের তালিকা নিয়ে রাজীবকে দিয়েছেন, তিনি সেইমতো কাজ করেছেন।












Click it and Unblock the Notifications