West Bengal Panchayat Election Results 2023: শুভেন্দু-দিলীপের গড়েও ক্ষয়িষ্ণু! অবিভক্ত মেদিনীপুরে চাপে বিজেপি
পঞ্চায়েত নির্বাচনে আদতে পূর্ব মেদিনীপুর ছাড়া কোনো জেলাতেই সেভাবে দাঁক ফোটাতে পারেনি বিজেপি। এমনকী ২০১৯ থেকে খাসতালুকে পরিণত হওয়া জঙ্গলমহলেও বিজেপির প্রভাব খর্ব করে ছেড়েছে। এই অবস্থায় বিজেপির পক্ষ অবিভক্ত মেদিনীপুরের পাঁচটি লোকসভা আসন দখলে রাখা চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম নিয়ে অবিভক্ত মেদিনীপুর। এই অবিভক্ত মেদিনীপুরে মোট লোকসভা আসন পাঁচটি। তার মধ্যে বিজেপির দখলে রয়েছে দুটি আসন তিনটি আসনে খাতায়-কলমে তৃণমূলের দখলে। কেননা তৃণমূলের তিন সাংসদের মধ্যে দু-জন ২০২১ সাল থেকেই বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের দুই কেন্দ্র তমলুক ও কাঁথির সাংসদ পদ নিয়ে যে এবার তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা হবে, তা বলার অপেক্ষা রাখে না। তমলুক কেন্দ্রের সাংসদ শুভেন্দু-অনুজ দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির সাংসদ শুভেন্দুর পিতৃদেব শিশির অধিকারী।
এছাড়া মেদিনীপুরের সাংসদ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। শুধুমাত্র তৃণমূলের দখলে ঘাটাল। এখানকার সাংসদ দেব। এই অবস্থায় পাঁচটি কেন্দ্রেই এবার লড়াই জমজমাট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কিন্তু বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে পাঁচটি কেন্দ্রেই বিজেপি ভালো অবস্থায় নেই। পূর্ব মেদিনীপুরের দুটি কেন্দ্রে তবু বিজেপির লড়াই দিতে পারে, কিন্তু পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিজেপির হাল খারাপ। দুই জেলাতেই একটিও জেলা পরিষদ আসনে জয় পায়নি বিজেপি।
পশ্চিম মেদিনীপুরে ৬০টির মধ্যে ৬০টিতেই জয়ী হয়েছে তৃণমূল। ঝাড়গ্রামেও ১৯টির মধ্যে ১৯টিতেই জয়ী। দুই জেলার একটি পঞ্চায়েত সমিতিও দখল করতে পারেনি তারা। পশ্চিম মেদিনীপুরের ২১টি ও ঝাড়গ্রামের ৮টি সমস্ত পঞ্চায়েত সমিতি গিয়েছে তৃণমূলের দখলে। পঞ্চায়েতও সিংহভাগ তৃণমূলের।
একমাত্র শুভেন্দু অধিকারীর জেলায় টক্কর দিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৫৬টি আসন আর বিজেপির দখলে গিয়েছে ১৪টি। পঞ্চায়েত সমিটিত ২৫টির মধ্যে ২১টি তৃণমূল দখল করেছে, বিজেপির দখলে গিয়েছে ৪টি। আর গ্রাম পঞ্চায়েতের ২৭৩টির মধ্যে ১৩৬টি তৃণমূল, ৬২টি বিজেপি এবং ২৫টি ত্রিশঙ্কু হয়েছে।
অথচ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগে জঙ্গলমহলের দুই জেলা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে শক্তিশালী ছিল বিজেপি। তারপর শুভেন্দু অধিকারী যোগ দেওয়ায় পূর্ব মেদিনীপুরেও বিজেপি শক্তি বাড়াতে থাকে। এখন শুভেন্দু একা লড়াই করে পূর্ব মেদিনীপুরে বিজেপিকে শক্তিশালী করলেও দিলীপ ঘোষের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পিছিয়ে পড়ছন তাঁরা।












Click it and Unblock the Notifications