West Bengal Panchayat Election Results 2023: তৃণমূল-ঝড়ে ২৪-এ উদ্বেগ বাড়ল অধীরের, অঙ্ক কষা শুরু
সাগরদিঘি উপনির্বাচনে সাফল্যের পর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছিলেন মুর্শিদাবাদের 'রবীন হুড' অধীর চৌধুরী। চেয়েছিলেন মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনে জিতে লোকসভায় নামতে। কিন্তু ভোটের পরই তিনি বুঝেছিলেন শেষরক্ষা হচ্ছে না। তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে উদ্বেগ বাড়ল অধীর চৌধুরীর!
এবার মুর্শিদাবদে বাম-কংগ্রেস জোট তৃণমূলকে টক্কর দিয়ে জেলা পরিষদ দখল করতে পারে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সমীক্ষাতেও সেই আভাস মিলেছিল। তবে শেষপর্যন্ত তা দখল করতে না পারলেও বাম-কংগ্রেস যে এবার লড়াই দেবে, সেই ধারণা প্রত্যেকেরই ছিল। কিন্তু স্রেফ তৃণমূল-ঝড়ে উড়ে গেল অধীরের স্বপ্ন।

বুধবার পঞ্চায়েত নির্বাচনের ফল স্পষ্ট হতেই বোঝা গেল অধীর চৌধুরীর গড়ে পঞ্চায়েতের তিন স্তরেই তৃণমূলের জয়জয়কার। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তো বটেই জেলা পরিষদেও প্রায় সাফ হয়ে গেল বাম-কংগ্রেস জোট। বিজেপি একেবারেই সাফ। ৭৮ আসনবিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে কংগ্রেস পেল ৪টি আসন আর বামফ্রন্ট ২টি। বাকি ৭২টি আসনে জয় হাসিল করেছে তৃণমূল।
যদিও কংগ্রেসের পক্ষে দাবি করা হয়েছে, এটা তৃণমূলের জয় নয়, এটা হল তৃণমূলের আস্ফালনের বহিঃপ্রকাশ। তৃণমূলের কলঙ্কের নজির গড় এই পঞ্চায়েতে। লোকসভা নির্বাচনে দেখবেন অন্য ফল। মুর্শিদাবাদের মানুষই এর জবাব দেবে। ফলে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই।
এই বিষয়ে আরও একটি পরিসংখ্যানে দেখা যায়, মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৫৫৯১টি। তার মধ্যে অর্ধেক আসন গিয়েছে তৃণমূলের দিকে। তৃণমূল একাই পেয়েছে ২৫৪২টি আসন। বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৬০০টি আসন। বিজেপি ৪৯৯টি এবং বাদ বাকি আসন গিয়েছে আইএসএফ, মিম ও নির্দলের দিকে।

সাগরদিঘি উপনির্বাচনের পর রাজনৈতিক মহল মনে করেছিল, তৃণমূলের দিক থেকে সরে যাচ্ছেন সংখ্যালঘুরা। তারই ফলে সাগরদিঘির মতো জেতা আসন তাদের হারাতে হয়েছে কংগ্রেসের কাছে। বাম-কংগ্রেস সম্মিলিত জয় পেয়েছে। অনেকই মনে করেছছিল প্রতিষ্ঠানবিরোধী ভোটেই এই ফল। তবে পঞ্চায়েত ভোটে আবারও সাগরদিঘি তৃণমূলের।
মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের ফলে দেখা গেল না সংখ্যালঘুরা তৃণমূলে বিমুখ। পঞ্চায়েত জিতে তৃণমূল এবার টার্গেট করবে অধীর চৌধুরীকে। অধীর চৌধুরীকে এখনও বহরমপুরে হারাতে পারেনি তৃণমূল। ২০১৯ সালে অধীরকে হারাতে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জিতলেও বহরমপুর অধরাই থেকে গিয়েছে।
সেদিক দিয়ে এবার অধীরের কপালে চিন্তার ভাঁজ বাড়বে বইকি! যতই কংগ্রেস অস্বীকার করুক। বাম-কংগ্রেসের বুথস্তরের শক্তি দুর্বল হয়েছে, তাই এবার হাওয়া থাকলেও ভোটের ফল ঘোরাতে পারেননি তাঁরা। তবে লোকসভায় অন্য সমীকরণ। কিন্তু তৃণমূলের মারণ থাবা কিন্তু থাকবে। অধীর তাই নতুন করে অঙ্ক কষা শুরু করেছেন।












Click it and Unblock the Notifications