Panchayat Election: কেন্দ্রীয় বাহিনী এলেও অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা অধীরের
রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বাংলার সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত ভোট করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরও সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, শীর্ষ আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাঁদের নিষ্ক্রিয় রেখে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হবে কি না সন্দেহ। কেননা পূর্বে এমনই অভিজ্ঞতা রয়েছে বাংলার।

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী এনেও তাঁদের সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। ফলে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও অশান্তি হয়েছে, হিংসার ঘটনা ঘটেছে। আমরা চাই আদালত এই বিষয়টিও পর্যবেক্ষণে রাখুক। রাজনৈতিক দলের নেতাদের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তা আগে দরকার। সেখানেই অভাব থেকে যাচ্ছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। জেলায় জেলায় বিরোধী দলের নেতা-কর্মীদের বাধা দেওয়া হয়েছে। যাতে তাঁরা মনোনয়ন জমা দিতে না পারে তার জন্য হিংসাত্মক হয়ে উঠেছে শাসক দল। এখন আবার নয়া ট্রেন্ড রাজ্য পুলিশকে দিয়ে ভয় দেখানো।

মনোনয়নের জমার পর স্ক্রুটনির পর্বে রাজ্য পুলিশকে দিয়ে ভয় দেখানো হয়েছে মননোয়ন প্রত্যাহার করার জন্য। রাজ্যের শাসকদল চাইছে জোর করে ভোটে জিতে যেতে। তারা ভোট করতেই ভয় পাচ্ছে। ভোটের আগেই জোর করে প্রার্থীর নাম প্র্ত্যাহারে বাধ্য করা হচ্ছে।
এমনই ঘটনায় এদিন উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের বড়ঞা। কংগ্রেস প্রার্থীকে নাম প্রত্যাহার করতে চাপ দেওয়া হচ্ছে। আবার তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজায় হুমকি পোস্টারও দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর গ্রামে।

অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা কাপাসডাঙ্গা ৫ নম্বর পঞ্চায়েত সমিতি আসনের কংগ্রেস প্রার্থী সাদের আলির বাড়ির দরজায় হুমকি পোস্টার লাগিয়ে গিয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী সাদের আলি জানান, তিনি সকালে বাড়ির বাইরে বের হওয়ার সময় দেখতে পান বাড়ির দরজায় একটা পোস্টার লাগানো আছে।
ওই একই আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মহম্মদ আকবরী। তার নাম করে পোস্টারে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তথা ওই আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম মহম্মদ আকবরীর।












Click it and Unblock the Notifications