Panchayat Election 2023: পদ্ম-কাস্তে এক ঘরে, দুই ভাইয়ের প্রচারে সরগরম পান্ডুয়ার খিরকুন্ডি
পাণ্ডুয়ার পঞ্চায়েত ভোটে একই গ্রামসভায় লড়তে চলেছে দুই ভাই। দাদা বিজয়ানন্দ হাজরা সিপিআইএম প্রার্থী এবং ভাই আনন্দ হাজরা বিজেপি প্রার্থী। যদিও বাবা পঞ্চানন হাজরা আজীবন বামপন্থী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির তিন বারের সদস্য ছিলেন। মা আরতি সাধুখাঁ হাজরা প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তাদের দুই ছেলেই এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী।
পান্ডুয়ার খিরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের খিরকুন্ডি গ্রামে দুই ভাই প্রার্থী হয়েছেন একে অপরের বিরুদ্ধে। দাদা সিপিএম ভাই বিজেপির প্রার্থী। বড় ছেলে বিজয়ানন্দ বাবার পথ অনুসরন করেন বামপন্থী মতে বিশ্বাসী। কিন্তু ছোটো ছেলে আনন্দ বিজেপি মনভাবাপন্ন। তাই দুজনেই আজ দুজনের প্রতিদ্বন্দ্বী। দুজনেই ভোটে একে অপরের বিরুদ্ধে জিততে চান। গ্রামের কাজ মানুষের কাজ করতে চান।

দাদা বিজয়ানন্দ হাজরা বলেন, ভাই বিজেপির প্রার্থী হয়েছে আমার কোনো অসুবিধা নেই। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। বাবার কাছে রাজনীতি শিখেছি। আমি বামপন্থী মতে বিশ্বাসী। তাই সিপিএমের প্রার্থী হয়েছি। মানুষকে বলছি দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে আমাকে ভোট দিন।

অন্যদিকে ভাই আনন্দ হাজরা বলেন, আমি বিজেপির প্রার্থী হয়েছি। তবে প্রথমটায় বাড়িতে বলতে অসুবিধায় পরেছিলাম। পরে বাবাকে বুঝিয়েছি। পরিবার আলাদা রাজনীতি আলাদা জায়গায়।দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমি বিজেপির পক্ষ নিয়েছি। দুই ভাই দু'দলে হলেও তাদের দ্বন্দ্ব নেই। নীতির লড়াই আছে। দুজনেই অবশ্য দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে ভোট চাইছেন।












Click it and Unblock the Notifications