Panchayat Election 2023: ইসলামপুরে হস্তক্ষেপ করবেন না, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ‘বিদ্রোহী’ সংখ্যালঘু বিধায়কের
পঞ্চায়েত ভোটের মুখে ফের বিদ্রোহী হয়ে উঠলেন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক আবদুল করিম চৌধুরী। তিনি নিজেই নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছিলেন। পঞ্চায়েত নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঙ্কার ছেড়েছিলেন। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন।
তৃণমূলের ইসলামপুরের বিধায়ক ক্ষোভপ্রকাশ করে বলেন, আপনার দলের বিধায়কের কথা রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিদি আপনাকে অনুরোধ করছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইসলামপুরে হস্তক্ষেপ করবেন না। কেননা আপনার মতোই আমার সমান অধিকার রয়েছে ইসলামপুরের ভোট নিয়ে।

বিদ্রোহী তৃণমূল বিধায়ক বলেন, পঞ্চায়েত ভোটে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তিনি তাঁদের হয়ে প্রচারে যাবেন। তিনি নেত্রীকে অনুরোধ করেছিলেন, কিন্তু তাঁর কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। জেলা সভাপতি এসেছিলেন, তাঁকে যথাযথ সম্মান দিয়েছিলাম। কিন্তু দল আমাকে সম্মান দিল না।
তবে ইসলামপুরের তৃণমূল বিধায়কের মুখে এই কথার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে এরপর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটা দলের শীর্ষ নেতৃত্বের বিষয়। তা আমরা এক্তিয়ারের মধ্যে পড়ে। তবে এটুকু বলতে পারি, আপনি বর্ষীয়ান বিধায়ক। দলের সংহতি নষ্ট করবেন না।
কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্যোি পাধ্যায়ের সেনাপতিত্বে যাঁরা নির্বাচনে লড়ছেন, তাঁদের বিরুদ্ধে প্রচার করার অর্থ দলের বিরোধিতা করা। দয়া করে দলের বিরোধিতা করে নির্দল প্রার্থীদের প্রশ্রয় দেবেন না। দলের বিরুদ্ধে যাঁরা নির্দল দাঁড়িয়েছে তাঁরা তৃণমূলের প্রার্থী নয়।
এখানে উল্লেখ্য যে, পঞ্চায়েত ভোট ঘোষণার পরই তৃণমূলের সংখ্যালঘু বিদ্রোহী বিধায়ক বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনে এবার নির্দল প্রার্থী দাঁড় করাবেন তিনি। তিনি নিজে প্রার্থী দাঁড় করান বা না করান, এখন তিনি ঘোষণা করলেন নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তিনি।
তৃণমূলে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। সম্প্রতি জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল তাঁর সঙ্গে বৈঠক করে তাঁকে বাগে আনার চেষ্টা করলেও, তাঁর মান যে ভাঙেনি পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরই ফের তা পরিস্ফুট হয়েছিল। এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাতেও যাননি। তারপর পঞ্চায়েতে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি, তাঁদের হয়ে প্রচারের কথায় তিনি যুদ্ধ জারি রাখলেন। বেশ কিছুদিন যাবৎ উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে ব্লক সভাপতি জাকির হোসেনের বিবাদ চরমে ওঠে।












Click it and Unblock the Notifications