Panchayat Election 2023: তৃণমূল নেতার পাশে ছত্রধর পুলিশ! কটাক্ষ শুভেন্দুর, মিনাখাঁ কাণ্ডে সিবিআই তদন্ত দাবি
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে পুলিশ-প্রশাসনকে শাসক দল তৃণমূল ব্যবহার করছে, এই অভিযোগে বারবারই সরব বিরোধী দলগুলি। এবার তৃণমূলের জনসভায় দেখা গেল ছত্রধর পুলিশকে।
একজন তৃণমূল নেতা বৃষ্টির মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। তাঁর মাথার উপর দাঁড়িয়ে ছত্রধর পুলিশ! যা মনে করাল যাত্রার সংলাপকে- কনস্টেবল ছাতা ধরো! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষে বিঁধলেন শাসক দল ও পুলিশকে।

শুভেন্দু অধিকারী কলকাতা বা রাজ্য পুলিশকে ডাকেন মমতা পুলিশ হিসেবে। এদিন ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, মমতা পুলিশ যে নিরপেক্ষতা বজায় রাখে না তা সামনে আনল এই ঘটনা। কোথাও পুলিশ অফিসাররা তৃণমূলের রাজনৈতিক মিছিলে হাঁটছেন। কোথাও বিজেপি প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিয়ে মারধর করা হচ্ছে।

কোথাও আবার সেই পুলিশই তৃণমূল নেতার ভাষণ দেওয়ার সময় তাঁর মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে কার্যত ভৃত্যের মতো আচরণ করছেন বলেও মন্তব্য শুভেন্দুর। তিনি টুইটে লিখেছেন, ভিডিওটি দেখুন (এর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)। পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় ছাতা ধরেছেন পুলিশকর্মী।
Another day, another illustration that depicts how biased & partial Mamata Police actually is.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 29, 2023
While some Officers participate in the political processions of the Regional TMC Party, some beat up BJP Candidates for not withdrawing candidature and some hold an umbrella as an act… pic.twitter.com/Hz7JuWVf93
উল্লেখ্য, ভিডিওটিতে দেখা গিয়েছে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও। শুভেন্দু লিখেছেন, এ সবই হচ্ছে যখন রাজ্যে জারি রয়েছে নির্বাচনী আচরণবিধি। আশা রাখব, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও রাজ্য পুলিষ বাংলার সর্বত্র অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করবে।

এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আজ সবদিক খতিয়ে দেখে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজীর মনোনয়ন বাতিল করেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার আগেই তিনি সৌদি আরব চলে গিয়েছেন।
মোহারুদ্দিনের প্রস্তাবক যে মনোনয়নপত্র দাখিল করেছেন তা নিয়ে সাক্ষ্য-প্রমাণ তদন্ত করে দেখা গিয়েছে তা সঠিক নয়। সেই কারণেই ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের গোটন গ্রাম পঞ্চায়েতের একটি আসনে ও মালদহ জেলার হবিবপুর ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের দু'টি আসনেও মনোনয়ন বাতিল হয়েছে।

মিনাখাঁ প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই কেলেঙ্কারির সিবিআই তদন্ত চাই। রাজ্য নির্বাচন কমিশনার বলেছিলেন, প্রস্তাবক প্রার্থীর অনুমতি নিয়ে পদ্ধতি মেনেই মনোনয়ন জমা দিয়েছেন। আমি তখন বলি, প্রস্তাবক মনোনয়নপত্র প্রকাশের পর কবে সৌদি আরব গেলেন, সেই টিকিট কোথায়?

এই যুক্তি খণ্ডন করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য বলেছিলেন, আপনি ঠিক বলছেন। এখন সিবিআই তদন্ত এড়াতে মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু আমরা সিবিআই তদন্ত চাই। এখনও প্রার্থীদের নাম ওয়েবসাইটে নেই। তৃণমূলের অনেকেই এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট না থাকা সত্ত্বেও প্রার্থী হয়েছেন। এটা আরেকটা দুর্নীতি। যার জন্য আরটিআই করব।












Click it and Unblock the Notifications