Panchayat Election 2023: ফের খুন! সবংয়ে বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার, রিপোর্ট তলব কমিশনের
ভোট মুখী বাংলায় ফের খুন। এবার সবংয়ে বাড়ি থেকে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। এদিকে আত্মহত্যা করেছেন বিজেপি নেতা এমনই দাবি তৃণমূল কংগ্রেসের।
নিহত বিজেপি নেতার নাম দীপক সামন্ত। পরিবারের লোকেরা অভিযোগ করেছে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস সব অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

ভোটের আর মাত্র বাকি ৯ দিন। তার মধ্যেই ফের খুনের ঘটনা ঘটল। ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। তার পরেও পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতার রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। বিজেপির দাবি বারবার তাঁকে ভয় দেখানো হচ্ছিল। তাঁর বাড়িতে সাদা থানও পাঠানো হয়েছিল। কিন্তু বিজেপি নেতা তৃণমূলের কাছে মাথা নত করেনি বলে দাবি স্থানীয় বিজেপি নেতারা।
শাসক দলের নেতারা নাকি বারবার তাঁকে হুমকি দিচ্ছিলেন। এমনকী কয়েকদিন আগে নির্বাচনী প্রচারের সময়ও তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। বিজেপি না ছাড়লে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। সিবিআই তদন্ত না হলে দেহ দাহ করবেন না বলে জানিয়েছেন তাঁরা।

এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন বিজেপি নেতা। সেটাকে রাজনীতির রং দিচ্ছে বিজেপি। ভোটে জিততে পারবে না আঁচ করেই তৃণমূলের নামে অভিযোগ করা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃণমূল যদি মনে করে তৃণমূল রক্তের হোলি খেলবে তাহলে বিজেপিকেও সেই পথে নামতে বাধ্য হবে। যদি কমিশন পদক্ষেপ না নেয় তাহলে বিজেপি ব্যবস্থা নেবে বলে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications