Panchayat Election 2023: মোদী-শাহকে ম্যানেজ করে অভিষেককে বাঁচাবেন মমতা! বাংলার বিজেপিকেও খোঁচা অধীরের
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে অবাধে ছাপ্পা চালিয়ে জিতছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল ঘোষণার আগের দিন এমনই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।
দিল্লির বিজেপির সঙ্গে তৃণমূলের সমঝোতাতেই রাজ্যের শাসক দল পঞ্চায়েত ভোটে বাজিমাত করবে বলে মনে করেন অধীর। অভিষেককে কোলে নিয়ে কেক কেটে জয় উদযাপন করুক তৃণমূল। আমরা ইউনেস্কোর পুরস্কার দেওয়ার দাবি জানাব। কটাক্ষ অধীরের।

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, আদালতের নির্দেশ উপেক্ষার মতো বিষয়গুলি নিয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আদালতের মনোভাবে আশ্বস্ত অধীর। পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সরকারি হাসপাতালে অথবা সরকারি কোনও ক্যাম্পে অবিলম্বে চিকিৎসার ব্যাবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের ময়নাতদন্ত এবং সেই প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। পরিবারের হাতে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শেষকৃত্যে সাহায্য করতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করতে হবে। এই বিষয় কাল রাজ্যকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। যদিও একে আমল না দিয়ে অধীর বলেন, কী হবে? আজও কোর্টে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হাজির হলেন না। ভোটে কেন্দ্রীয় বাহিনী হলো সব হয়ে যাওয়ার পর বিকেলে। যখন শ্মশানে চিতা জ্বলছে, দেহ কবরে ঢোকানো হচ্ছে।
অধীরের দাবি, নরেন্দ্র মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। বাংলার বিজেপিকে পাত্তা দেয় না দিল্লির বিজেপি। এরা শুধু এখানেই লাফায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চায়েতে জেতানোর দরকার, তারই সবরকম ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী-দিদির সেটিং বিজেপির বাংলার নেতারা ধরতে পারেন না বলে কটাক্ষ অধীরের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন। প্রয়োজনে দুর্নীতির তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। যদিও অধীর বলেন, খোকাবাবুর রক্ষাকবচ মোদী আর অমিত শাহ। মমতা এঁদের ম্যানেজ করে অভিষেককে বাঁচাবেন। ম্যানেজ করতে প্রচুর হিমসাগর, ল্যাংড়া আম পাঠিয়েছেন।
ফলে অভিষেকের কিছু হবে না। অনুব্রত মণ্ডলের পর হাকিম (ফিরহাদ হাকিম), আসানসোলওয়ালা (মলয় ঘটক)-দের জেলে যেতে হবে। (ফিরহাদ) হাকিম মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর জেলায় যে পথ্য দিয়ে এসেছেন, সেই সন্ত্রাসের পথ্যেই তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে জিতবে বলে মন্তব্য অধীরের।












Click it and Unblock the Notifications