Panchayat Election 2023: তৃণমূলের কাছে সততার পাঠ চাইলেন অধীর, ফিরহাদকে চ্যালেঞ্জ ‘ডনে’র
মুর্শিদাবাদে প্রচারে গিয়ে অধীর চৌধুরীকে পুরনো 'ডন' বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেছিলেন বিজেপির এজেন্টও। এবার তার পাল্টা ফিরহাদ হাকিমকে নিশানা করলেন অধীর চৌধুরী। বললেন, চ্যালেঞ্জ দিচ্ছি, ক্ষমতা থাকতে তা গ্রহণ করুন।
অধীর চৌধুরী বলেন, আমি হাকিমকে বলব, আপনার মহামান্য দিদিভাইকে বা দলের কোনো বিশেষ ব্যক্তিকে প্রেসক্লাবে ডাকুন এবং আমাকেও ডাকুন। সেখানেই সততার রাজনীতি কে করে, তার প্রমাণ হয়ে যাবে। সেখানে তৃণমূলের যত চোর-বাটপার হাকিম রয়েছেন, সবাইকে ডাকুন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ দিলেন অধীর। তাঁর কথায়, তৃণমূলের সবাই তো ভয়ে ভয়ে থাকেন। কখন সিবিআই ডাকবে। ফিরহাদ হাকিমকেও শীঘ্রই সিবিআই ডাকবে। অধীরের কটাক্ষ, সিবিআই কবে ডাকবে অপেক্ষা করে আছেন হাকিম।
তিনি এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় বলেন, দিল্লির অধিদপ্তরে ডাকার আগে আর ডাকার পরের বক্তব্য দেখা হোক। তাহলেই স্পষ্ট হয়ে যাবে কোথায় সেটিং। দেখবেন, অভিষেককে ইডি দফতরে ডাকার পর থেকেই কংগ্রেসের বিরোধিতা করা শুরু করল রাজ্যের সরকারি দল।
এরপরে সর্বভারতীয়স্তরে প্রতিটি বিরোধী দল এক সঙ্গে মিটিং করেছে। সেই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। দিদির সরোদ আর মোদীর সেতার এক সুরে বাজতে শুরু করেছে তখন থেকেই। তাই কারা কারা দালালি করে আমাদের থেকে বেশি কেউ জানে না।

আর এই যে ফিরহাদ হাকিম। তিনি খুব সেয়ানা। তিনি কখনো ভাইপোর সঙ্গে হা মেলান, কখনো দিদির সঙ্গে থাকেন। কিছুদিন আগেই তিনি কোণঠাসা হয়েছিলেন. এখন দলে নিঃশ্বাস নিয়েই কংগ্রেসকে নিশানা করছেন। অধীর চৌধুরীকে নিশানা করছেন।
অধীর বলেন, কংগ্রেসকে নিশানা করার আগে দু-বার ভাববেন। কেননা কংগ্রেস থেকেই উৎপত্তি তৃণমূলের। কংগ্রেস হল নদী। সেই নদী থেকেই তৃণমূলের মতো দলগুলির উৎপত্তি। কিন্তু তৃণমূল সেই সত্যটাই উপলব্ধি করতে ভুলে যায়। এবার পঞ্চায়েতেও কংগ্রেসকে আক্রমণ করতে পিছপা হচ্ছে না তৃণমূল।
অধীর বলেন, কংগ্রেসের যদি এত বোম মারার ক্ষমতা থাকত তাহলে আমরা আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাবি জানাতাম না। এ তো উল্টো হওয়া বইছে বলতে হয় তাহলে। তৃণমূলের থেকে যে অভিযোগ এসেছে, তা তিনি হেসে উড়িয়ে দেন। উল্লেখ্য, তৃণমূল অভিযোগ করে, কংগ্রেস বোমা মারছে।

অধীর জানান, তৃণমূল হারের ভয়ে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। মিথ্যা অভিযোগে কংগ্রেস প্রার্থীদের গ্রেফতার করছে তৃণমূল। আসলে তারা বুঝে গিয়েছে, এবার ভোট হলে কংগ্রেসই জিতবে। তাই প্রার্থীদের প্রচার করতে দিতে চাইছে না তৃণমূল।












Click it and Unblock the Notifications