Panchayat Election 2023: বিজেপির থেকে ‘সুপারি’ নিয়ে কংগ্রেসকে দুর্বল করছেন মমতা! ব্যাখ্যা দিলেন অধীর
বিজেপির থেকে 'সুপারি' নিয়ে কংগ্রেসকে দুর্বল করা হচ্ছে বলে অভিযোগ করলেন অধীর চৌধুরী। বাংলায় পঞ্চায়েত ভোটের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে সুপারি নিয়ে এই কাজ করে চলেছেন। এখন আর কোনো পথ না পেয়ে মনে করছেন কংগ্রেস ছাড়া চলবে না।
সোমবার ভোট আর জোট নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ২০২৫ সালে আরএসএস-এর ১০০তম বছর পালিত হবে। সারা দেশের মানুষ জানে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কংগ্রেস ১০০ বছর পার করে ফেলছে।

অধীরের কথায়, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুজন প্রধানমন্ত্রীকে শহিদ হতে হয়েছে। আর বিজেপির হয়ে কে দালালি করছে? কে বিরোধী জোট ভাঙার চেষ্টা করেছে? বাংলার মানুষ কেন, ভারতের মানুষও আজকে দেখেছে এই তৃণমূল দল বিজেপির হয়ে দালালি করছে।
গতকাল অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা করলেন অধীর। তিনি বলেন, বিজেপির কাছ থেকে সুপারি খেয়ে ভারতবর্ষে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অধীর বলেন, আজকে তিনি বুঝেছেন কংগ্রেসকে ছাড়া চলবে না। তাই কংগ্রেসকে ম্যানেজ করার চেষ্টা করছেন। বিজেপি সরকারের একটা সময় মন্ত্রী ছিল মমতা। শুধু তাই নয়, বিজেপির সঙ্গে একটা সময় জোট করে নির্বাচন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অধীর আরো বলেন, বিজেপির আমলে দাঙ্গার যিনি সবথেকে বড়ো পরিচিত ব্যক্তি, সেই নরেন্দ্র মোদীকে ফুলের মালা পাঠিয়ে সংবর্ধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন তাঁর দল অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে সরব হচ্ছে। কিন্তু অধীর চৌধুরী বা কংগ্রেস নয়, বিজেপির এজেন্ট হল তৃণমূল তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অধীর চৌধুরী বলেন, আদালতে নির্বাচন কমিশন সুকৌশলে সমস্ত বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলা আজ সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে। মুর্শিদাবাদের মানুষ ভোট-সন্ত্রাসের ভয় পাচ্ছে। অতি স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী আসবে আর তাঁরা রাস্তায় রাস্তায় ঘুরবে। তৃণমূল বিভিন্ন জায়গাতে লুট করবে।
তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষ সঙ্ঘবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তাতে জল ঢালার চেষ্টা করছে সরকার। কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূল ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। তৃণমূল নেতারা চাইছে কেন্দ্রীয় বাহিনীকে মুর্শিদাবাদ জেলাতে নিয়ে এসে গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার।












Click it and Unblock the Notifications