Panchayat Election 2023: কংগ্রেস থেকেই তৃণমূলের উৎপত্তি, নদীর সঙ্গে তুলনায় মনে করালেন অধীর
কংগ্রেস থেকেই তৃণমূলের উৎপত্তি। সে কথা যেন ভুলে না যান তৃণমূলের নেতারা। নদীর সঙ্গে তুলনা করে অধীর চৌধুরী এদিন পঞ্চায়েত ভোটের মুখে মনে করালেন সে কথা। তুললেন কংগ্রেসের সঙ্গে জাতীয় ক্ষেত্রে জোটের প্রসঙ্গও। তাঁর সাফ কথা, কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে দু'বার ভাবুন।
অধীর চৌধুরী বলেন, যাঁরা কংগ্রেসকে বি টিম বলেন বা পচা ডোবার সঙ্গে তুলনা করেন, তাঁরা একদিন কংগ্রেস করেছে বলে লজ্জা হয়। তাঁদের উচিত কংগ্রেসকে সামনে রেখে চলা। তাদেরকে জিজ্ঞেস করি কংগ্রেসকে বি টিম বলার আগে ভাবুন, আপনাদের কোথা থেকে উৎপত্তি। এই কথায় তৃণমূলকে নিশানা করলেন অধীর।

কংগ্রেস তিনি নদীর সঙ্গে তুলনা করেন। তাই তো তাঁর জলে পুষ্ট হচ্ছে সবাই। কিন্তু নদীকে আপনি উপেক্ষা করতে পারেন না। কংগ্রেসই দেশের ভবিষ্যৎ। কংগ্রেসকে এ ভাবে শেষ করা যাবে না। কংগ্রেস ছিল, আছে, থাকবে। কংগ্রেসের লড়াই চলবে। নির্বাচন কমিশনকে পাপেট বানিয়ে কংগ্রেসকে রোখা যাবে না।
অধীরের কথায়, পঞ্চায়েত নির্বাচন গ্রাম বাংলার জন্য একটা উৎসব ছিল। সেই উৎসব এখন আর নেই। বিজেপি পার্টি চায় না পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হোক। সেই সুবাদে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি চাইছে মানে মানে পঞ্চায়েত ভোটটা না হোক। বিজেপি কী বলছে, না বলছে তার ঠিক নেই।

বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠে পড়েছে। এই বাংলায় তাঁদের গুরুত্ব অনেক কমে গিয়েছে। শুধু আমরা কেন সারা ভারতবর্ষ জানে সে কথা। তাদের কয়েকজন নেতা কংগ্রেস নিয়ে কী বলছে, তার গুরুত্ব কেউ দেয় না। তিনি বঙ্গ বিজেপির নেতাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
অধীর চৌধুরী বলেন, কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে ঢুকেছে সেখানে মানুষ স্বাগত জানাচ্ছে। যেখানে এখনো ঢোকেনি সেখানে, ভয় ভীতি নিয়ে রয়েছেন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন করে যাতে নির্বাচন হয় তার জন্য যারা যারা আদালতের দ্বারস্থ হয়েছিল, আমি তার মধ্যে একজন।

তিনি জানেন, পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট হবে না। কিছুদিন আগে সাগরদিঘিতে উপনির্বাচন হল, সেখানে কেন্দ্রে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম। আমি এক ঘন্টা মতামত ব্যাখ্যা করেছি এবং তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে, নির্বাচনে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করা দরকার।












Click it and Unblock the Notifications