Panchayat: প্রধান পদে যোগ দিয়েই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে, চাঞ্চল্য সাঁকরাইলে
তৃণমূল ও সিপিএমের সমর্থনে সর্বসম্মতভাবে প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি। বিজেপির জয়ী প্রার্থী হিসেবে বসেছিলেন প্রধান পদে। কিন্তু বিজেপির মধুচন্দ্রিমা শেষ হতে না হতেই নির্বাচিত প্রধান শুক্রবার শপথগ্রহণ কেন্দ্রেই যোগ দিলেন তৃণমূলে। হাওড়ার সাঁকরাইল ব্লকের বাণীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
হাওড়ার সাঁকরাইলের বাণীপুরে এখানে ১২টি আসনের মধ্যে ৬টি আসনে তৃণমূল জয়ী হয়। বিজেপি ৫টিতে ও সিপিএম ১টি আসনে জয় পায়। সিপিএমের সমর্থন নিয়ে বোর্ড গঠনের আবেদন জানায় বিজেপি। সেই মর্মেই হয় ভোটাভুটি। সেখানে বিজেপির তরফে প্রধান হিসাবে দাঁড় করানো হয় বিজেপির জয়ী প্রার্থী অঞ্জলি রামকে।

বিজেপির প্রার্থীকেই সমর্থন করে তৃণমূল ও সিপিএম। আর তারপরেই ঘটে চমক। প্রধান পদে জয়ী হয়েই তৃণমূলে যোগ দেন নবনির্বাচিত প্রধান অঞ্জলি রাম। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটে। তিনি তৃণমূলে যোগ দিয়েই বলেন, এলাকার উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।
তৃণমূলে যোগ দিয়ে অঞ্জলি রাম বলেন, আমার উপর কোনও চাপ ছিল না। আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে এলাকার মানুষের জন্য। এতে এলাকার মানুষের ভালো হবে। ভালো পরিষেবা পাবে। সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচিত হয়েই তাঁর এই ডিগবাজিতে বিজেপি বিস্মিত।
এরপর ভোটাভুটিতে উপপ্রধান নির্বাচিত হন তৃণমূলের জয়ী প্রার্থী। এর ফলে গোটা পঞ্চায়েতই তৃণমূলের দখলে চলে এল। বিজেপি অবশ্য কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, যদি তাঁদের দলের সদস্য প্রধান হয়েই সত্যিই যদি তৃণমূলে যোগদান করেন, তবে তাঁরা নির্দিষ্ট সময়ের পরেই অনাস্থা আনবেন।

এদিকে মাসিলা পঞ্চায়েত বোর্ড গড়ে রাজ্যের শাসকদল। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে মাসিলা পঞ্চায়েতে বোর্ড গড়তে সমর্থ হয় তৃণমূল। বিধায়ক ও প্রধানের টানাপোড়েনের অবসান ঘটিয়ে এদিন পঞ্চায়েত বোর্ড গঠন হয়। হাওড়ার সাঁকরাইল ব্লকের মাসিলা পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হলেন গড়াই খান।
তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ভালো জিনিস পেতে গেলে কষ্ট একটু করতে হয়। নির্বাচিত সদস্যরা আমাকে প্রধান হিসেবে বেছে নিয়েছেন। পাঁচ বছর ধরে মাসিলায় কাজ করেছি বলেই তো মানুষ আবার তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেছেন।
তিনি প্রধান নির্বাচিত হয়ে জানান, সমস্যা যা ছিল তার সমাধান হয়ে গিয়েছে। পরবর্তীকালেও সমস্যা হলে দলের মধ্যেই জানাব। পার্টির কথা পার্টির মধ্যেই থাকা ভালো। মিডিয়ায় কিছু জানাব না। গণতান্ত্রিক উপায়ে মানুষের রায় নিয়ে নির্বাচিত হয়েছি। মানুষের জন্য কাজ করতে চাই।












Click it and Unblock the Notifications