Pancahayat Election 2023: নির্দল প্রার্থীদের বহিষ্কার করল তৃণমূল, এগরার পাশাপাশি হাওড়াতেও ব্যবস্থা
পূর্ব মেদিনীপুরের এগরায় নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য বারবার জানিয়েছিল তৃণমূল। কিন্তু আবেদনে কাজ না হওয়ায় এবার এগরার দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বহিষ্কার করা হল হাওড়ার দুই নেতাকেও। যদিও বহিষ্কারেও পিছপা হচ্ছেন না নির্দলরা।
শনিবার এগরা এক নম্বর ব্লকের পাঁচরোল অঞ্চলে তৃণমূলের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভা থেকে দলের নির্দেশ না মেনে নির্দল প্রার্থী হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়। এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাহু এই বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন।

এদিন বহিষ্কার করা হয় পাঁচরোল দক্ষিণ বুথের সদস্য শঙ্কর মিশ্র ও অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতা আশিস মহাপাত্রকে। এই সভায় উপস্থিত ছিলেন এগরা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাহু, পাঁচরোল অঞ্চল তৃণমূলের সভাপতি অশোক দাস, সহ-সভাপতি শেখ মুক্তাজুল, মহিলা তৃণমূলের সভানেত্রী মানসী দে প্রমুখ।
ভরা তৃণমূলী নেতৃত্বের সমনে দলের এই কড়া পদেক্ষেপের পরও অবশ্য মচকাচ্ছেন না নির্দল প্রার্থীরা। তাঁরা বটগাছ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীদের চ্যালেঞ্জ ছুঁড়ছেন। অন্য দলে না গিয়ে নিজেদের দলের বিরুদ্ধে তাঁরা নির্দল হয়ে প্রতিবাদে সরব হয়েছেন।

শুধু পূর্ব মেদিনীপুরের এগরাতেই নয়, হাওড়াতেও দু-জনকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। দলের নির্দেশিকা নবজোয়ার কর্মসূচিতেই ঘোষণা করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শনিবার দুই তৃণমূলকর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করলেন হাওড়া সদরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ।
এই দুজন এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন। প্রথমজন আসলাম হক মল্লিক। তিনি ডোমজুড় ব্লক জগৎবল্লভপুর বিধানসভার ১ নম্বর মাকড়দহ অঞ্চলের তৃণমূল কর্মী ছিলেন। অন্যজন সাঁকরাইল বিধানসভার ঝোড়হাট পঞ্চায়েতের প্রধান মিনতি সেনাপতি।

এদিন সাংবাদিক সম্মেলনে কল্যাণ ঘোষ বলেন, পার্টির বিরুদ্ধে গিয়ে যারা অন্য দল থেকে বা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাঁদের বহিষ্কার করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ দু-জনকে বহিষ্কার করা হয়েছে। এঁরা অন্য দলে গিয়েছেন। এবার ধীরে ধীরে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানো প্রার্থীদেরও বহিষ্কার করবে দল।
দলের তরফে অবস্থান স্পষ্ট করে দিয়ে জানানো হয়ছে অন্য প্রতীকে জিতে আসলেও তাঁদের আর কোনোমতেই দলে ফেরানো হবে না। এদিন ফের তা কঠোরভাবে জানিয়ে দিয়েছেন কল্যাণ ঘোষ। প্রতি জেলাতেই এভাবে নির্দল ও অন্য দলে প্রার্থী হওয়া নেতাদের বহিষ্কার করবে তৃণমূল।












Click it and Unblock the Notifications